নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল নেতা খুনের পর জয়নগরের দলুয়াখাকিতে হিংসার ঘটনায় পুলিশের ভূমিকায় চরম বিরক্তি প্রকাশ করে সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঘটনার পর দু’বছর কেটে গেলেও ১৪ জন অভিযুক্তর মধ্যে মাত্র দু’জনকে গ্রেফতার করা হয়েছে। যার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, ‘সরকার বদলালেও পুলিশ বদলায় না। একই থাকে। এদের নিয়েই আমাদের কাজ করতে হয়।’ ২০২৩ সালের নভেম্বর মাসে তৃণমূল কর্মী সইফুদ্দিনকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে হিংসা ছড়ায় দলুয়াখাকিতে। খুনে জড়িত থাকার অভিযোগ ওঠে সিপিএমের দিকে। তাদের সমর্থক বলে পরিচিতদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়। তারপর দু’বছর কেটে গেলেও অভিযুক্তদের সিংহভাগই অধরা। এদিন বিচারপতি ঘোষ বলেন, ‘বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক রং দেখলে হবে না।’ সরকারি আইনজীবী সওয়াল বলেন, ‘৪৫ দিন সময় দিন, সবাইকে খুঁজে আনব।’ যা শুনে বিচারপতি ঘোষ বলেন, ‘এই ভোকাল টনিক তদন্তকারী অফিসারকে দিন। সোনারপুর, বারুইপুর, নরেন্দ্রপুর থানার ভূমিকায় আমি খুবই বিরক্ত।’ এরপরই অধরা অভিযুক্তদের খুঁজে বের করতে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি। নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি।



