Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শেয়ারে বিনিয়োগের ‘টিউটোরিয়াল ক্লাস’ খুলে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার

কীভাবে শেয়ারে বিনিয়োগ করবেন, তার পরামর্শ দেওয়ার জন্য খোলা হয়েছিল কোম্পানি। আগ্রহীদের জন্য ছিল টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা। কেউ ফাঁদে পা দিলেই ভালো রিটার্নের লোভ দেখিয়ে করানো হতো বিনিয়োগ।

শেয়ারে বিনিয়োগের ‘টিউটোরিয়াল ক্লাস’ খুলে প্রতারণা, সিআইডির হাতে গ্রেপ্তার
  • ২৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কীভাবে শেয়ারে বিনিয়োগ করবেন, তার পরামর্শ দেওয়ার জন্য খোলা হয়েছিল কোম্পানি। আগ্রহীদের জন্য ছিল টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা। কেউ ফাঁদে পা দিলেই ভালো রিটার্নের লোভ দেখিয়ে করানো হতো বিনিয়োগ। দু’-একবার আশাব্যঞ্জক রিটার্ন দেওয়া হতো। ফলে অনেকেই সেই উৎসাহে আরও বিনিয়োগ করতেন। তাতেই ঠকতে হতো বিনিয়োগকারীদের। এভাবেই চলছিল প্রতারণা। নামী এক চিকিৎসকের সঙ্গে জালিয়াতি করে শেষ পর্যন্ত সিআইডির জালে ধরা পড়ল প্রতারক প্রসেনজিৎ রঞ্জন নাথ। তাকে আনন্দপুরের মাদুরদহ থেকে বুধবার রাতে ধরা হয়েছে।

Advertisement

সিআইডি সূত্রে খবর, বারাসত এলাকার বাসিন্দা এক চিকিৎসক ফেসবুকে পাঁচ পয়সা ক্যাপিটাল নামে একটি বিজ্ঞাপন দেখেন। তাই দেখে যোগাযোগ করলে তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। শেয়ারে কীভাবে বিনিয়োগ করবেন, তা নিয়ে ওই গ্রুপে টিউটোরিয়াল ক্লাস নেওয়া হতো। সেখানে শেখানো হতো, কোন কোন শেয়ারে বিনিয়োগ করা নিরাপদ। প্রতারকদের কথায় আশ্বস্ত হয়ে ওই চিকিৎসক দু’মাস ধরে ধাপে ধাপে ৩৬ লক্ষ টাকা বিনিয়োগ করেন। মোট দশটি ট্রানজাকশন হয়েছিল। এরপর তিনি টাকা ফেরত চাইলে বলা হয়, এখন তোলা  যাবে না। তারপর বিভিন্ন অজুহাতে ঘোরানো হতে থাকে। হঠাৎ তাঁকে ওই গ্রুপ থেকে ডিলিট করে দেওয়া হয়। যোগাযোগও বন্ধ করে জালিয়াতরা। প্রতারিত হয়েছেন বুঝে তিনি বারাসত সাইবার থানায় গত জানুয়ারি মাসে অভিযোগ করেন। পরে তদন্তভার নেয় সিআইডি।
তদন্তে নেমে সিআইডির কর্তারা যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তা চিহ্নিত করেন। তার মধ্যে দেখা যায়, একটি কোম্পানির অ্যাকাউন্টে ১৮ লক্ষ টাকা ঢুকেছে। যার মালিক প্রসেনজিৎ রঞ্জন নাথ। এরপর বুধবার মাদুরদহের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত জিজ্ঞাসাবাদে পুলিসকে জানিয়েছে, সে একটি কোম্পানি খুলেছিল। যেখানে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য টিউটোরিয়াল ক্লাস করানো হতো। পাশাপাশি বিভিন্ন আর্থিক সংস্থায় কীভাবে বিনিয়োগ করতে হবে, তার পরামর্শ দিত ওই কোম্পানি। প্রশিক্ষণ শেষ হলে কোন কোন শেয়ার ভালো পারফর্ম করছে, তার তালিকা দিত প্রতারকরা। ওই টোপ গিলে যাঁরা টাকা ঢালতেন, তাঁরাই প্রতারণার শিকার হতেন। এভাবে কয়েক কোটি টাকা হাতানো হয়েছে বলে জানা গিয়েছে। চক্রের বাকিদের খোঁজা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ