নিয়ঁ: চলতি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। প্লে-অফে খেলে শেষ ষোলোর টিকিট অর্জন করতে হয়েছে কার্লো আনসেলোত্তির দলকে। এবার প্রি কোয়ার্টার-ফাইনালেও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিলিয়ান এমবাপেদের জন্য। শুক্রবার সুইত্জারল্যান্ডের নিয়ঁতে চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ে শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল। অর্থাত্, আরও দু’বার মাদ্রিদ ডার্বি ঘিরে উন্মাদনা তুঙ্গে সমর্থকদের। লা লিগায় শেষ সাক্ষাতেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে ড্র করেছিল দুই দল।
Advertisement
বার্সেলোনা শেষ ষোলোয় প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেনফিকাকে। গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার পর্তুগিজ ক্লাবটির বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫-৪ জয় ছিনিয়ে নেয় হ্যান্স ফ্লিক-ব্রিগেড। উল্লেখ্য, গ্রুপ পর্বে টেবিলে শীর্ষস্থানে শেষ করে লিভারপুল। প্রি কোয়ার্টার-ফাইনালে আর্নে স্লটের দল খেলবে পিএসজি’র বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দেশেরই ক্লাব বেয়ার লেভারকুসেনকে।



