Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চ্যাম্পিয়ন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল

চ্যাম্পিয়ন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে সিএবি পরিচালিত আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে চ্যাম্পিয়ন হল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। শনিবার শহরের রাধারানি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে তারা ৬০ রানে বর্ধমান মডেল স্কুলকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৯.২ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায় বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল। দলের হয়ে ওপেন করতে নেমে সৌম্যজিৎ ঘোষ সর্বোচ্চ ৪৯ রান করে। সুবীর দাস ২৫ রান করে। তাদের ইনিংসে অতিরিক্ত হিসেবে যোগ হয় ৪০ রান। মডেল স্কুলের উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেয়। রান তাড়া করতে নেমে ২৫.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় মডেল স্কুল। অরিত্র দাস দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করে। দলের মাত্র দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করে। 
Advertisement
মিউনিসিপ্যাল হাইস্কুলের শ্রেয়ান ঘোষ দুর্দান্ত বোলিং করে। সে এবং মির্জা আতিফ হোসেন বিপক্ষের ইনিংস ভাঙে। শ্রেয়ান ৮ ওভার বল করে ২৩ রান দিয়ে ৬টি উইকেট নেয়। আতিফ ২৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করে। এদিন চ্যাম্পিয়ন হয়ে জেলা থেকে দাত্তু ফাদকার ট্রফির মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল মিউনিসিপ্যাল হাইস্কুল। এবারের প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। ফাইনাল ছাড়া বাকি ম্যাচগুলি স্বস্তিপল্লির মাঠে অনুষ্ঠিত হয়। 
জয়ী ক্লাব স্যান্টোস: দুর্গাপুরে মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগে শনিবারের খেলায় জয়ী হয়েছে ক্লাব স্যান্টোস। এদিন এবিএল মাঠে তারা ৪ উইকেটে ক্রিকেট জোন অণ্ডালকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিকেট জোন অণ্ডাল ৩০.৫ ওভারে ১৭৬ রান করে অলআউট হয়ে যায়। দলের রাজেশ তাঁতি ব্যাটিংয়ে নজর কাড়েন। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন। ক্লাব স্যান্টোসের রাজু রায় ৪টি ও সানি প্রসাদ তিনটি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ২৩.২ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্লাব স্যান্টোস। বলের পর ব্যাট হাতেও সফল হন রাজু। তিনি ৬৭ রান করেন।  ক্রিকেট জোন অণ্ডালের ভানুপ্রসাদ যাদব তিনটি উইকেট নেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ