দুবাই: ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অজি ব্যাটসম্যানদের টক্কর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালকে এভাবেই চিহ্নিত করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেছেন, ‘শুধু বরুণ চক্রবর্তীকে নিয়েই ভাবছি না। ভারতের অন্য স্পিনাররাও রীতিমতো দক্ষ। আমার মতে, জেতা-হারা নির্ভর করছে ভারতীয় স্পিনারদের সামলানোর উপর। বিশেষ করে মাঝের ওভারে স্পিনের বিরুদ্ধে রান করাই চ্যালেঞ্জ। পিচ যা দেখলাম তাতে বল ঘুরবে বলেই মনে হচ্ছে। এবার সেটাকে আমরা কীভাবে সামলাব, সেটাই নির্ধারণ করবে সেমি-ফাইনালের ফলাফল।’
Advertisement
গ্রুপ পর্বের তিনটি ম্যাচই দুবাইয়ে খেলেছে ভারত। ফলে সেমি-ফাইনালে বাড়তি সুবিধা মিলছে বলে উঠেছে অভিযোগ। স্মিথ যদিও এই বিষয়ে স্পষ্ট উত্তর দেননি। ধোঁয়াশা রেখে তাঁর উত্তর, ‘এটা অ্যাডভান্টেজ কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। হ্যাঁ, ভারত সবগুলো ম্যাচই এই মাঠে খেলেছে। তাই পিচের আচরণ সম্পর্কে ওরা অনেক বেশি ওয়াকিবহাল। প্রাথমিকভাবে পিচ দেখে মনে হয়েছে মারাত্মক রকমের শুকনো। আমি মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছি। ওরা জানিয়েছে যে পিচ শুকনো খটখটে। অনেক বার ব্যবহৃতও। তবে আমরা সেসব নিয়ে ভাবছি না। নিজেদের সেরাটা মেলে ধরার জন্য সবাই প্রস্তুত।’



