নয়াদিল্লি: আরএসএসের মুখপত্র ‘অর্গানাইজারে’ প্রকাশিত একটি নিবন্ধ ঘিরে এবার শোরগোল তুঙ্গে। ৩ এপ্রিল প্রকাশিত ওই নিবন্ধে দাবি করা হয়, ভারতে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি জমি রয়েছে ক্যাথলিক চার্চের হাতে। তাদের হাতে থাকা জমির মোট পরিমাণ ওয়াকফ বোর্ডের থেকেও বেশি। ‘অর্গানাইজার’ এই নিবন্ধটি অনলাইন থেকে সরিয়ে নিলেও শনিবার এই ইস্যুতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রেক্ষিতে এদিন গেরুয়া শিবিরকে আক্রমণ করেছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আগেই বলেছিলাম ওয়াকফ বিলের মাধ্যমে মুসলিমদের আক্রমণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যে অন্য সম্প্রদায়গুলিকেও নিশানা বানানো হবে, তার নজির তৈরি হচ্ছে। নজর খ্রিস্টানদের দিকে ঘোরাতে খুব বেশি সময় নিল না আরএসএস। এধরনের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে আমাদের একমাত্র ঢাল হল সংবিধান। সংবিধানকে রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।’ নিজের পোস্টের সঙ্গে ‘অর্গানাইজারে’র ওই নিবন্ধ সংক্রান্ত একটি মিডিয়া রিপোর্টও জুড়ে দিয়েছেন রাহুল।



