নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও হুগলির একাংশের পঞ্চায়েত প্রতিনিধিকে উন্নতমানের ধান চাষ নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। চুঁচুড়ার ধান্যগবেষণাগারে প্রশিক্ষণটি শুরু হয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত, উন্নতমানের ধানচাষের মাধ্যমে ফলন বৃদ্ধিই লক্ষ্য। তার মাধ্যমেই কৃষকদের অভাব মিটিয়ে ফেলা যাবে। পঞ্চায়েত দপ্তরের দাবি, উন্নতমানের চাষ যেমন ফসলকে রোগমুক্ত রাখবে, তেমনই ফলন বাড়বে। তাতে কৃষকদের অভাব কমবে। পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের পাশাপাশি নির্মাণ সহায়কের মতো কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। লক্ষ্য তাঁরা যাতে এনিয়ে কৃষক মহল্লায় জনসচেতনতা গড়তে পারেন।



