চুঁচুড়া পুরসভায় অস্থায়ী কর্মী কমাতে ষাট হলেই ছাঁটাই! শ্রমিক মহলে অসন্তোষ
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: অস্থায়ী কর্মীদের সংখ্যা কমিয়ে আনতে পদক্ষেপ শুরু করল চুঁচুড়ার পুর প্রশাসন। ষাটোর্ধ্ব কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। পুরসভা সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। তাৎপর্যপূর্ণভাবে, যাঁদের অবসরে পাঠিয়ে দেওয়া হবে, সেই কর্মীদের কী আর্থিক সুবিধা দেওয়া হবে, সেই পরিকল্পনা নিয়েও ধোঁয়াশা আছে। সব মিলিয়ে পুরসভার কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের আবহ তৈরি হয়েছে। পুরকর্মীদের একাংশের দাবি, ফের একবার তাঁরা কর্মবিরতির পথে হাঁটতে পারেন। এ বিষয়ে অবশ্য পুরসভার বর্তমান প্রশাসন কোনো স্পষ্ট মন্তব্য করতে চায়নি।

Advertisement

পুরসভার কর্মী ইউনিয়নের অন্যতম নেতা সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, আমরা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুপ্রতিম আচার্যের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের জানিয়েছেন, অবসরের একটি বয়স থাকতে হবে। সেটা পুর আইনে লেখা আছে। কিন্তু অস্থায়ী কর্মীদের ক্ষেত্রে বয়স কোনো বিষয় নয়। আবার অবসর দেওয়া হলেও তাঁদের আর্থিক সহায়তার বিষয়টি নিয়ে পুর কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিতে পারেনি। যদিও অবসর দেওয়া হলে আইন অনুসারে আর্থিক সাহায্য প্রাপ্য। বাস্তবে পুরকর্মীদের বঞ্চনা করা হচ্ছে। এ নিয়ে চুঁচুড়া পুরসভার বর্তমান কার্যনির্বাহী আধিকারিক সুপ্রতিম আচার্য বলেন, যা বলার পুর প্রশাসক বলবেন। পুর প্রশাসক বাসুদেব সরকার বলেন, আইন মেনেই পদক্ষেপ করা হবে। পুরসভার কাজে সম্প্রতি তত্ত্বাবধায়ক হিসাবে দেখা গিয়েছে চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগকে। তিনি বলেন, তৃণমূলের আমলে বেআইনিভাবে প্রচুর লোককে পুরসভায় নিয়োগ দেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের মজুরির টাকা দিতেই পুরসভা বিপাকে পড়ছে। কেউ আজীবন কাজ করবেন, সেটা হতে পারে না। নতুনদের কাজের সুযোগ দিতে হবে। যা করা হবে, তা আইন মেনেই।
চুঁচুড়া পুরসভায় বাড়তি কর্মী, ভুতুড়ে কর্মী নিয়ে অভিযোগ নতুন নয়। তৃণমূল আমলেও মজুরি দিতে না পারার পর্বে এ নিয়ে বিতর্ক হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রায় ২ হাজার ২০০ জন অস্থায়ী কর্মী রয়েছেন। তারমধ্যে ষাট বা তার বেশি বয়সিদের সংখ্যা প্রায় ৫০০। সেইসঙ্গে পুরকর্মীদের প্রায় চার মাসের টাকা এখনও বকেয়া রয়েছে। এই অবস্থায় পুরসভার অস্থায়ী কর্মীদের ছেঁটে ফেলার প্রক্রিয়া নিয়ে শ্রমিক মহলে অসন্তোষ তৈরি হয়েছে।