Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চোট আর কার্ড সমস্যায় বিব্রত মোহন বাগান

চোট আর কার্ড সমস্যায় বিব্রত মোহন বাগান
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেলিব্রেশন অতীত। বুধবার মুম্বই ম্যাচের প্রস্তুতি শুরু করছে মোহন বাগান। আগামী ১ মার্চ ভারতসেরাদের প্রতিপক্ষ মুম্বই সিটি। অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্টেই ফোকাস করছেন হোসে মোলিনা। তবে নক-আউটের আগে কার্ড আর চোট সমস্যায় বেশ বিব্রত তিনি। চারটি হলুদ কার্ড দেখায় মুম্বইয়ের বিরুদ্ধে নেই জেসন কামিংস। পাশাপাশি শুভাশিস বসু ও জেমি ম্যাকলারেনকেও সতর্ক থাকতে হবে। আর একটি হলুদ কার্ড দেখলেই ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না দুই তারকা। ডিফেন্ডার টম আলড্রেডও অনিশ্চিত। ওড়িশার বিরুদ্ধে চোট পান তিনি। পায়ে জমাট বেধেছে রক্ত। তিনি না খেললে দীপ্যেন্দু বিশ্বাসকে স্টপারে খেলানো হবে। ইতিমধ্যেই লিগ শিল্ডের শিরোপা পকেটে। ফুটবলারদের পক্ষে নিজেদের মোটিভেট করা কঠিন। তাই বেশ সতর্ক জেমিদের স্প্যানিশ হেডস্যার। 
Advertisement
চলতি আইএসএলে মোহন বাগানের একাধিপত্য প্রমাণিত। তবে মুম্বইয়ের ফুটবল এরিনায় কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আসলে গোটা ভারতে অশ্বমেধের ঘোড়া ছোটালেও মুম্বইয়ের বিরুদ্ধে রেকর্ড বেশ খারাপ। ১১ টি সাক্ষাতের মধ্যে মাত্র একবার জিতেছে মোহন বাগান। সাতটি হার ছাড়াও তিনটি ম্যাচ ড্র। চলতি আইএসএলে প্রথম পর্বে যুবভারতীতেও দু’দলের ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ফুরফুরে মেজাজে থাকা স্প্যানিশ কোচ এবার চিত্রনাট্য বদলাতে বদ্ধপরিকর। কলকাতায় অনুশীলন করে ম্যাচের আগেরদিন বানিজ্যনগরীতে পৌঁছবে সবুজ-মেরুন ব্রিগেড। অন্যদিকে, পিটার ক্র্যাটকির দলের কাছে এই ম্যাচের গুরত্ব অপরিসীম। ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে রয়েছেন তিরি, মেহতাবরা। হার মানেই সুপার সিক্স অনিশ্চিত। যে কোনও মূল্যে পুরো পয়েন্ট চান ক্র্যাটকি। তবে ছাংতে, ব্রেন্ডন ফার্নান্ডেজ, বিপিন সিংরা প্রত্যাশার ধারেকাছে নেই। চোট আঘাত ছাড়াও স্ট্রাইকিং ফোর্সের দুর্বলতা চিন্তার কারণ। একটা ঝাঁকুনি দিতে তারাও মরিয়া। 
Advertisement
সম্পর্কিত সংবাদ