Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাষিদের কাছে সিম ৩ টাকা কেজি, বাজারে ৩০ টাকা!

চাষিদের কাছে সিম ৩ টাকা কেজি, বাজারে ৩০ টাকা!
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ফসলের দাম পাচ্ছেন না চাষিরা। জলের দামে সব্জি কিনে ফোড়ে ও খুচরো বিক্রিতারা তা কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন। মাঠে চাষিরা শিমের দাম পাচ্ছে তিন টাকা প্রতি কেজি। সেই শিম বাজারে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। উন্নতমানের শিমের দাম একটু বেশি। চাষিদের থেকে তা চার থেকে পাঁচ টাকায় কেনা হচ্ছে। ফুলকপি মাঠে দুই থেকে তিন টাকায় চাষিরা বিক্রি করছেন। বাজারে প্রতি পিস ফুলকপি ১০ টাকায় বিক্রি হচ্ছে। মুলো মাঠে দু’টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে তা ২০ টাকা কেজি দরে ক্রেতারা কিনছেন। 
Advertisement
বর্ধমানের ইদিলপুরের চাষি শেখ আসলাম বলেন, প্রতিবারই শীতের মরশুমে সব্জির দাম কমে। কিন্তু এবারের মতো পরিস্থিতি খুব কম বছর হয়েছে। এবছর সব্জি নষ্ট হয়নি। ভারী বৃষ্টি বা পোকার আক্রমণ দেখা যায়নি। সেই কারণে ফলন বেশি হয়েছে। তার ফায়দা  ফড়েরা তুলছে। তারা চাষিদের নায্যদাম দিচ্ছে না। ফলে তারা লাভ করছে প্রচুর। আর এক চাষি কৈলাশ চৌধুরী বলেন, পালং শাক ১৫ টাকা কেজি দরে ফড়েরা কিনে নিয়ে যাচ্ছে। বাজারে ছোট আঁটি তৈরি করে তা পাঁচ থেকে সাত টাকায় বিক্রি করা হচ্ছে। টোম্যাটো ১০ থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে দাম ৩০ টাকা কেজি। চাষিরা বলেন, অনেক জায়গায় ফুলকপি বিক্রি হচ্ছে না। মুলোও মাঠে পড়ে থাকছে। মুলো তুলতে বিঘাতে দু’ থেকে তিনজন দিনমজুর দরকার। কিন্তু খরচ উঠছে না। সেই করণে অনেকেই জমি থেকে মুলো বা ফুলকপি তুলছেন না। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, জলের দরে সব্জি খাওয়ানোর চেয়ে তা মাঠে পচা ভালো। তাতে সার হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুফল বাংলা স্টলে বিক্রি করার জন্য চাষিদের থেকে সরাসরি ফুলকপি কেনা হচ্ছে। তা নায্য দামে বিভিন্ন শহরে বিক্রি হচ্ছে।
চাষিদের দাবি, লাভের মুখ দেখতে পাচ্ছেন না। উপায় না দেখে কম দামেই সব্জি বিক্রি করতে হচ্ছে। লঙ্কা, বাঁধাকপিরও দাম পাওয়া যাচ্ছে না। ধনেপাতাও জমিতে নষ্ট করে দিতে হচ্ছে। এবছর শিম বা বেগুনের ফলনও অনেক বেশি। সামনে আলু চাষের মরশুম রয়েছে। গত বছর ভারী বৃষ্টির জন্য আলু চাষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। বহু চাষি লোকসানের মুখে পড়েছিলেন। এবার চাষিরা লাভের আশায় রয়েছেন। কিন্তু অতিরিক্ত ফলন হলে কী হবে, তা নিয়ে তাঁরা চিন্তায় পড়ে গিয়েছেন।
সম্পর্কিত সংবাদ