নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, সারের কালোবাজারি বন্ধ সহ একাধিক দাবিতে মঙ্গলবার কৃষি ও কৃষক বাঁচাও কমিটি অবস্থান বিক্ষোভ করে। বর্ধমানের কার্জন গেটের কাছে জেলার বিভিন্ন প্রান্তের কৃষকরা অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু বলেন, ‘ডানা’র দাপটে জেলার বহু জমির ধান নষ্ট হয়েছে। চাষিদের অবস্থা শোচনীয়। তাঁদের প্রত্যেককে বিমার টাকা দিতে হবে। গত বছর অতিবৃষ্টির জন্য আলু জমিও নষ্ট হয়েছিল। অনেক চাষি এখনও বিমার টাকা পাননি। তাঁদের দ্রুত বিমার টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সামনেই আলু চাষের মরশুম রয়েছে। সার নিয়ে প্রতি বছর কালোবাজারি হয়। এবার যাতে তা না হয় তারজন্য প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সারের দাম নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।



