সংবাদদাতা, মেখলিগঞ্জ: ফের সীমান্ত এলাকায় ভারতীয় চাষিদের ফসল বুনতে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। শুধু তাই নয়, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে বিএসএফ। ফলে মাথায় হাত পড়ে গিয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকার চাষিদের।
Advertisement
বিএসএফের আপত্তিতে সীমান্ত এলাকায় ভারতীয় চাষিরা নিজেদের পছন্দমতো ফসল বুনতে পারছেন না বলে অভিযোগ। ফলে ক্ষতির মুখে পড়েছেন মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি, ভোটবাড়ি ও নিজতরফ সীমান্ত এলাকার চাষিরা। এই বিষয়ে চাষিরা জোটবদ্ধ হয়ে বৃহস্পতিবার মেখলিগঞ্জের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেন। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ছ’টিই সীমান্ত-ঘেঁষা। চাষিরা জানিয়েছেন, জমি প্রস্তুত করেও তাতে তাঁরা ভুট্টা ও পাট আবাদ করতে পারছেন না। বিএসএফ বাধা দিচ্ছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের মেখলিগঞ্জের প্রাক্তন ব্লক যুব সভাপতি শাহীন আলি সরকার। চাষি জুলজালাল ইসলাম বলেন, রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে বিএসএফ বাধার সৃষ্টি করছে। ফসল চাষেও বাধা দিচ্ছে। তাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। মেখলিগঞ্জের এসডিও অতনুকুমার মণ্ডল বলেন, স্মারকলিপি পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রসঙ্গে বিএসএফের এক কর্তা অবশ্য জানিয়েছেন, সুরক্ষার কারণেই সীমান্তে পাট, আখ, ভুট্টার মতো বেশি লম্বা ফসল চাষ করতে দেওয়া হয় না।



