Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুরির পাইপ ফেরাতে এসে অণ্ডালে পুলিসের জালে দুষ্কৃতী

চুরির পাইপ ফেরাতে এসে অণ্ডালে পুলিসের জালে দুষ্কৃতী
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: চুরি করতে গিয়ে নয়, চুরির মাল ফেরাতে এসে অণ্ডালে পুলিসের জালে ধরা পড়ল অতি চালাক চোর। সরকারি পানীয় জলের পরিষেবার নতুন ৪৬টি পাইপ চুরি করে চরম বিপাকে পড়ে ওই দুষ্কৃতী। ওই জলের পাইপে সরকারি সিলমোহর থাকায় খদ্দের মেলেনি। অগত্যা পাইপগুলি ফেরাতে এসে মঙ্গলবার পুলিসের জালে ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী। ধৃতের নাম জাহির খান। বাড়ি ঝাড়খণ্ডের কুমারডিহি এলাকায়। ধৃতকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে জলস্বপ্ন প্রকল্পে পাইপ বসানোর কাজ চলছিল। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর অণ্ডাল ব্লকে সেই কাজ করছে। কয়েক মাস আগে বক্তানগর এলাকায় ওই পাইপগুলি রাস্তার পাশে রাখা হয়েছিল। দেখাশোনোর জন্য লোকজনও ছিলেন। কালীপুজোর সময় তাঁরা ছুটিতে চলে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা লরিতে করে ৪৬টি জলের পাইপ লুট করে নিয়ে চলে যায়। পাইপ চুরির বিষয়টি জানতে পেরে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর ১২নভেম্বর অণ্ডাল থানায় অভিযোগ দায়ের করে। পুলিস তদন্ত শুরু করে।
Advertisement
এরই মধ্যে চুরি যাওয়া ৩৫টি পাইপ লরিতে করে ফিরিয়ে দিতে আসে এক দুষ্কৃতী। অণ্ডাল মোড়ে পাইপ বোঝাই লরি নিয়ে দাঁড়াতেই পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাইপবোঝাই লরিটি বাজেয়াপ্ত করা হয়। যদিও ১১টি পাইপ কম রয়েছে তাতে। পুলিস ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ