সংবাদদাতা, ইটাহার: চুরির ৫ দিনের মাথায় হাটগাছির প্রাক্তন শিক্ষকের বাড়িতে চুরির ঘটনার কিনারা করল পুলিস। গ্রেপ্তার ১ যুবক। তদন্তে নেমে দুষ্কৃতীর ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হল কৌটোভর্তি হাজার হাজার টাকা। ধৃতের নাম সাব্বির শেখ। বাড়ি হাটগাছি এলাকায়। গত ২৮ ডিসেম্বর ইটাহারের হাটগাছির আনন্দমোহন রায়ের বাড়িতে চুরি যায়।
Advertisement
তাঁর ছেলে অর্পণ থানায় অভিযোগ দায়ের করেন। অর্পণের দাবি, বাড়ির আলমারি ভেঙে নগদ এবং গয়না চুরি করে চোরেরা। পুলিস তদন্তে নেমে ধুলহোর থেকে বৃহস্পতিবার রাতে সন্দেহজনক এক যুবককে আটক করে। পুলিস জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, এই চুরির সঙ্গে সাব্বির জড়িত। তার কাছে চুরি যাওয়া কিছু জিনিস আছে। পুলিস ধৃতকে নিয়ে তার বাড়ি গিয়ে অভিযান চালায়। তার বাড়ির শোওয়ার ঘরের মেঝে খুঁড়ে টাকাভর্তি একটি কৌটো উদ্ধার হয়। কৌটোয় ৬৬ হাজার টাকা ছিল। ধৃতকে শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতে তুলে দুদিনের হেফাজতে নিয়েছে পুলিস। চুরিতে সাব্বিরের আরও কয়েকজন রয়েছে বলে অনুমান পুলিসের। সাব্বিরকে হেফাজতে নিয়ে জিঞ্জাসাবাদ করে বাকিদের নাগাল পেতে চাইছে পুলিস। নিজস্ব চিত্র



