Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চরকাষ্ঠশালী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শুরু

চরকাষ্ঠশালী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শুরু
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: বুধবার শ্রীমায়াপুর চরকাষ্ঠশালী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব শুরু হল। এদিন সকালে স্কুলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর গান বাজনা, নৃত্য ও ট্যাবলো সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। এই বিদ্যালয় ১৯২৫ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল।
Advertisement
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা আবৃত্তি, সমবেত নৃত্য ও একক নৃত্য পরিবেশন করে। শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে চিত্রকলা বিজ্ঞান ও গাণিতিক মডেল প্রদর্শনীরও আয়োজন করা হয়। বাইরের শিল্পীরাও এদিন সঙ্গীত পরিবেশন করেন। এদিন সন্ধ্যায় বর্তমান ছাত্রছাত্রীরা ‹বোকার ধাড়ি›  নাটক পরিবেশন করে। এছাড়াও আরও একটি  নাটক পরিবেশিত হয়। 
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ছাত্রছাত্রীদের রোড রেস অনুষ্ঠিত হবে। এছাড়া মিউজিক্যাল চেয়ার, আবৃত্তি, ক্যুইজ এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হবে। এদিন রাতে প্রাক্তনীদের ব্যবস্থাপনায় বাইরের শিল্পীর সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ মকসুদুল হক  বলেন, শতবর্ষ পূর্তি উৎসবে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র, শিক্ষক-শিক্ষিকারা এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে গিয়েছেন। এমনকী স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অভিভাবকদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আধুনিক শিক্ষার অঙ্গ হিসেবে বর্তমানে স্কুলে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক উন্নত প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে নতুন স্তরে নিয়ে যেতে চায় এই বিদ্যালয়। ইতিমধ্যেই স্কুলের করিডরে লাগানো হয়েছে সাউন্ড সিস্টেম। প্রি-প্রাইমারির ঘরেও আলাদা করে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে স্মার্ট টিভি, প্রজেক্টর। আগামী দিনে বিদ্যালয়ে সিসিটিভিও লাগানো হবে।  
নবদ্বীপ ব্লকের মায়াপুর-বামনপুকুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা  ১৩৬। চার জন শিক্ষক রয়েছেন। ২০২২ সালে নির্মল বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করেছে। 
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জানবাস শেখ, এআই দিলীপ মণ্ডল, নদীয়া জেলা পরিষদের সদস্য আরজু বানু খাতুন, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ সহ অন্যান্যরা।
সম্পর্কিত সংবাদ