সংবাদদাতা, মেদিনীপুর: হলদি নদী থেকে বালি চুরি করে এনে সবংয়ে বিক্রি করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের পাঁচজন। বালিবোঝাই নৌকাগুলিও আটক করেছে পুলিস। ধৃতরা হল কমল মনি, চিন্ময় মনি, নিখিল মনি, হরিপদ হাজরা ও শতদল মণ্ডল। সকলেই পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সবংয়ের মোহারে কেলেঘাই নদীপাড়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে ধৃতরা ইটভাটায় বালি বিক্রি করতে এসেছিল।



