Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চেয়ার ভেঙেছে, শৌচালয়ে জল নেই, সংস্কার হয়নি অন্নদাশঙ্কর সদনের  

চেয়ার ভেঙেছে, শৌচালয়ে জল নেই, সংস্কার হয়নি অন্নদাশঙ্কর সদনের
 
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: গাজোল ব্লকের অন্নদাশঙ্কর সদন দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। গতবছর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির কর্তারা সদন সংস্কারের প্রাথমিক উদ্যোগ নেন। চার মাস আগে ইঞ্জিনিয়াররা এসে সদন পরিদর্শন করে গিয়েছেন। কিন্তু, বছর ঘুরলেও অন্নদাশঙ্কর সদন সংস্কার শুরুই হয়নি।
Advertisement
স্থানীয়দের অভিযোগ,সদনের অবস্থা বেহাল। দর্শকাসনের বহু চেয়ার ভেঙে রয়েছে। সেজন্য দর্শকদের বসতে অসুবিধা হয়। ভবনের অনেক ফ্যান অকেজো। গ্রিনরুম বেহাল। শৌচালয়গুলির অবস্থা আরও শোচনীয়। শৌচালয়গুলিতে জল পরিষেবা নেই। কেউ তা ব্যবহার করতে পারে না বলে অভিযোগ উঠেছে। যদিও বা গাজোল পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সমিতির নিজস্ব এবং আদিবাসী উন্নয়ন ফান্ড থেকে আগামীদিনে অন্নদাশঙ্কর সদনের পরিকাঠামো আমূল পরিবর্তন হবে। আমাদের পরিকল্পনা রয়েছে। আধুনিক রূপ দিয়ে সেটি সাজিয়ে তোলা হবে। বাতানুকূল মেশিন সহ আধুনিক চেয়ার বসানো হবে। গাজোল ব্লক প্রশাসনের ভবন চত্বরে অন্নদাশঙ্কর সদন রয়েছে। সেখানে প্রশাসনের বৈঠক, রাজনৈতিক সম্মেলন সহ অনেক স্বেচ্ছাসেবী সংস্থার বিভিন্ন অনুষ্ঠান হয়। সেটি বেহাল হওয়ায় স্থানীয়রা আক্ষেপ প্রকাশ করেছেন। গাজোলের বিষাণ নাট্য সংস্থার সম্পাদক তথা হাতিমারি ম্যানেজড প্রাইমারি স্কুলের শিক্ষক গদাধর রায় বলেন, ব্লকের অন্নদাশঙ্কর সদন আমাদের কাছে ছোট প্রেক্ষাগৃহের মত। স্থানীয় এলাকার সব ধরনের অনুষ্ঠান সেখানে হয়। সবাই এই ভবনের উপর নির্ভরশীল। শুনেছিলাম, সংস্কার হবে। সেটা দ্রুত করলে ভালো হয়। সদনটির অবস্থা শোচনীয় পর্যায়ে চলে গিয়েছে। 
গাজোল-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ সর্দার বলেন, প্রায় আড়াই দশক আগে অন্নদাশঙ্কর সদন নির্মাণ হয়। বর্তমানে সেটির বেহাল দশা। বৈঠক করার সুষ্ঠু পরিবেশ নেই। সিঁড়ি এবং শৌচালয় চত্বর এলাকায় কার্যত গোডাউন হয়ে রয়েছে। সেগুলিতে কেউ প্রবেশ করতে পারে না। আমরা বিভিন্ন মিটিংয়ে এগুলি বলেছি। কিন্তু পঞ্চায়েত সমিতির হেলদোল নেই। অভিযোগের জবাবে গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজ্জামেল হোসেন বলেন, আগামী দিনে সদন সংস্কার হবে। সেই পরিকল্পনা নেওয়া রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ