Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুপিসারে গাছ কাটায় চা বাগানের ম্যানেজারের বাংলো ঘিরে বিক্ষোভ

চুপিসারে গাছ কাটায় চা বাগানের ম্যানেজারের বাংলো ঘিরে বিক্ষোভ
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: চুপিসারে চা বাগানের গাছ বিক্রির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হল ফালাকাটা ব্লকের সরুগাঁও চা বাগান। বুধবার বাগানের ম্যানেজারের বাংলো সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। 
Advertisement
অভিযোগ, মঙ্গলবার চা বাগানের শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে চা মহল্লার  বাসিন্দাদের না জানিয়ে বাগানের ম্যানেজার গাছের গুঁড়ি ও কিছু সেগুন কাঠ  বিক্রি করে দেয়। তবে কী কারণে গুঁড়ি ও কাঠ বিক্রি করা হল, তা নিয়ে কিছুই জানেন না শ্রমিকরা। বুধবার শ্রমিকরা কাজে যাওয়ার আগে বিষয়টি জানতে ম্যানেজারের বাংলো সামনে যান। তবে ম্যানেজারের সদুত্তর না পেয়ে এদিন কর্মবিরতি করে বিক্ষোভ শামিল হন। পরে বিকেল নাগাদ জটেশ্বর ফাঁড়ির পুলিস সরুগাঁও চা বাগানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গোটা বিষয় নিয়ে ম্যানেজার আনন্দ শুক্লা বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটিয়ে নেওয়া হয়েছে।
বিক্ষোভকারী সাদ্রি ওরাওঁ, পূজারী ওরাওঁ, চিত্রা টোপ্পো, ইরাই মনিরা বলেন, কাউকে না জানিয়ে ম্যানেজার গাছ বিক্রি করে দিয়েছেন। এর ফলে চা গাছ নষ্ট হওয়ার সম্ভবনা থাকছে। ভবিষ্যতে যাতে এমন কাজ না হয়, সেজন্য বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানানো হয়। 
অপরদিকে তৃণমূলের সরুগাঁও চা বাগান শ্রমিক সংগঠনের সভাপতি টিঙ্কু ওরাওঁ বলেন, কাউকে না জানিয়ে এভাবে গাছ বিক্রি করে কেউ সম্পদ নষ্ট করতে পারেন না। একই সুরে বিজেপির সরুগাঁও  চা  বাগান শ্রমিক সংগঠনের সম্পাদক সমীর মুন্ডা বলেন, শ্রমিকদের পাশে আমরা সবসময় আছি। বাগানের কিছু বিক্রি করা যেমন কোম্পানির অধিকার আছে, তেমনই শ্রমিকদেরও জানার অধিকার আছে। ফলে কাউকে না জানিয়ে গাছ কাটা পুরোপুরি বেআইনি। এ বিষয়ে দলগাঁওয়ের রেঞ্জার ধনঞ্জয় রায় বলেন, আমাদের কাছ থেকে গাছ কাটার নির্দেশ নেওয়া হয়নি। একইভাবে জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার বলেন, এখনও লিখিত অভিযোগ জমা পড়েনি।
সম্পর্কিত সংবাদ