Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চুপিসারে ভোট প্রক্রিয়া চালানোর অভিযোগ, সমবায় সমিতিতে বিক্ষোভ

চুপিসারে ভোট প্রক্রিয়া চালানোর অভিযোগ, সমবায় সমিতিতে বিক্ষোভ
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: কাউকে না জানিয়ে চুপিসারে ভোট প্রক্রিয়া চালানোর অভিযোগে সমবায় সমিতির অফিসে বিক্ষোভ দেখালেন সদস্যদের একাংশ। ঘটনাটি মাথাভাঙা-১ ব্লকের জোরপাটকি সমবায় কৃষি উন্নয়ন সমিতির। চাপে পড়ে সমবায় সমিতির ম্যানেজার জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে নির্বাচন ও মনোনয়ন জমার তারিখ পরিবর্তন করা হবে।
Advertisement
অভিযোগ, প্রায় দশবছর ধরে এই সমবায়ে কোনও ভোট হয়নি। ফলে কমিটি ছাড়াই প্রশাসনিক নজরদারিতে চলছিল সমবায়টি। সম্প্রতি, সমবায়ে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। ৫ ও ৬ নভেম্বর মনোনয়ন জমার তারিখ। রবিবার সদস্যদের একাংশ দাবি করেন, মনোনয়নের তারিখ চলে এলেও ভোট নিয়ে তাঁরা কিছুই জানেন না। এলাকায় আসেই না, এমন একটি পত্রিকায় ভোটের বিজ্ঞাপ্তি দেওয়া হয়েছিল। একইসঙ্গে জোরপাটকির আমতলি বাজারে সমবায়ের অফিসে কোনও নোটিশ সহ নির্বাচন নিয়ে আলোচনা পর্যন্ত হয়নি। তারিখ পরিবর্তন সহ সংশোধিত ভোটার তালিকা প্রকাশের দাবিও তুলেছেন বিক্ষোভকারীরা।
সমবায় সমিতির সদস্য আলিজার রহমান এবং কাদের মিয়াঁ বলেন, জোরপাটকি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গত দশবছর ধরে নির্বাচন হয় না। এবারে চুপিসারে নির্বাচন করার চক্রান্ত করছিল সদস্যদের একাংশ। আমরা জানার পর ম্যানেজারের কাছে খোঁজ নেই। স্বচ্ছভাবে নির্বাচনের দাবিতেই এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নির্বাচন না হলে বৃহত্তর আন্দোলন হবে। 
চাপে পড়ে সমিতির ম্যানেজার সিরাজুল হক বলেন, নির্বাচনের বিষয় নিয়ে আমরা সদস্যদের বাড়িতে বাড়িতে যেতাম। দীপাবলির জন্য যাওয়া হয়নি। একাংশ সদস্য অভিযোগ তোলায় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আরও কথা বলব। প্রয়োজনে নির্বাচনের দিন পিছিয়ে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ