নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চাপের মুখে তড়িঘড়ি শ্মশানে বৈদ্যুতিক চুল্লি চালু করল পুরসভা। দু’টির মধ্যে একটি চুল্লি শুক্রবার চালু হলেও একটির মেরামতি বাকি। সেটি চালু হতে দিন চারেক লাগবে বলে পুরসভা সূত্রের খবর। গত এক সপ্তাহ ধরে মেরামতির কারণ দেখিয়ে জলপাইগুড়িতে বৈদ্যুতিক চুল্লি বন্ধ রেখেছিল পুরসভা। ফলে বাধ্য হয়ে কাঠের চুল্লিতে শেষকৃত্য সারতে হচ্ছিল। এনিয়ে শবযাত্রীদের চরম ভোগান্তির অভিযোগও সামনে আসছিল। কাঠ না মেলায় মৃতদেহ দাহ করতে না পেরে বৃহস্পতিবার একটি পরিবার দেহ নিয়ে জলপাইগুড়ি থেকে ধূপগুড়ি শ্মশানে যায়। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়াতেই এদিন তড়িঘড়ি একটি চুল্লি চালু করে দেয় পুরসভা। এনিয়ে পুরচেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, মেরামতির জন্য বিজ্ঞপ্তি দিয়ে আমরা বৈদ্যুতিক চুল্লি বন্ধ রেখেছিলাম। ২৩ তারিখ পর্যন্ত চুল্লি বন্ধ রাখার কথা বলা হয়েছিল। কিন্তু তার আগেই আমরা একটি চুল্লি চালু করে দিতে পেরেছি।



