সংবাদদাতা, চোপড়া: বারবার চা বাগান থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় ক্ষুব্ধ চা বাগান মালিকরা। চা বাগান থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এতে সমস্যার মুখে পড়েছেন বাগান মালিকরা। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাঠগাঁও এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে একাধিক চা বাগানে ১৫টি বৈদ্যুতিক খুটির তার চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার সকালে এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় ক্ষুদ্র চা চাষি সাদ্দাম হোসেন বলেন, এই সময় চা বাগানে শীতকালীন পরিচর্যার জন্য জল দিতে হয়। দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ইলেকট্রিক তার কেটে নিয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে। আরেক চাষি আসিরুল হক বলেন, এর আগেও বেশ কয়েকবার এভাবে বৈদ্যুতিক তার কেটে নিয়ে চলে গিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি বারবার প্রশাসনের নজরে এনেও কোনও কাজ হয়নি। এদিন ১৫টি খুঁটির তার কেটে নিয়ে গিয়েছে। এবিষয়ে চা চাষিদের তরফে শুক্রবার চোপড়া থানা ও বিদ্যুৎ বণ্টন কোম্পানিতে লিখিতভাবে জানানো হয়েছে। বিদ্যুৎ বণ্টন কোম্পানি জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে পদক্ষেপ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।



