নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চাপড়ায় পুকুরের উপর অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। সেইসঙ্গে বেআইনি নির্মাণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই চাপড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, চাপড়া গার্লস হাইস্কুলের পিছনে একটি পুকুর বুজিয়ে অবৈধ নির্মাণের কাজ শুরু করে বাগবুল মণ্ডল। চলতি বছরের জুলাই মাসে সেই কাজ শুরু হয়েছিল। এলাকার লোকজন বেআইনিভাবে পুকুর বোজানো নিয়ে বিক্ষোভ দেখান। প্রশাসনের তরফে এই অবৈধ কাজ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, প্রশাসনের উদাসীনতায় সেই নির্মাণ কাজ রমরমিয়েই চলতে থাকে। বর্তমানে সেই নির্মাণ কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে যায়। প্রশাসনের নাকের ডগাতেই এই অবৈধ কাজ কার্যত সম্পূর্ণ হয়। সম্প্রতি চাপড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসের তরফে নির্মাণ ভেঙে ফেলার নির্দেশিকা জারি করা হয়। চাপড়া ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক গোকুলানন্দ মণ্ডল বলেন, বিষয়টি জানার পর আমরা এফআইআর করেছি। পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নোটিস করেছি।



