Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপ সামলাতে আরও একটি সিটি স্ক্যান মেশিন বর্ধমান মেডিক্যালে

চাপ সামলাতে আরও একটি সিটি স্ক্যান মেশিন বর্ধমান মেডিক্যালে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: চাপ সামাল দিতে আরও একটি অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন আনা হচ্ছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রতিদিনই হাসপাতালে প্রচুর রোগী সিটি স্ক্যান করাতে আসেন। কিন্তু, একটি মেশিন দিয়ে সেই চাপ সামলাতে হিমশিম খেতে হয়। মাঝেমধ্যেই মেশিন বিকল হলে সমস্যা আরও বাড়ে। তখন রোগীদের বাইরে থেকে সিটি স্ক্যান করাতে হয়। ফলে, সমস্যায় পড়েন রোগীরা। সেই সমস্যা দূর করতে আরও উন্নতমানের অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন আনা হচ্ছে। আগামী মাসের মধ্যেই মেশিনটি চলে আসবে বলে হাসপাতাল কর্তৃপক্ষের আশা। সেটি আসার পর দ্রুত মেশিন বসিয়ে কাজ শুরু করা হবে বলে কর্তৃপক্ষের দাবি। হাসপাতালে আসা রোগী এবং পরিজনদের দাবি, জরুরি বিভাগের সামনে থাকা সাততলা ভবনের নীচে একটি মেশিনে সিটি স্ক্যান পরিষেবা দেওয়া হয়। এই একটি মেশিনের উপর গোটা হাসপাতালের রোগীর চাপ পড়ে। জরুরি রোগী থেকে শুরু করে আউটডোরের রোগী এবং ভর্তি থাকা রোগীদেরও ভরসা বলতে এই মেশিনটিই। অভিযোগ, একটি মেশিনের উপর প্রবল চাপ থাকায় মাঝেমধ্যেই মেশিন খারাপ হয়ে যায়। সেইসময় রোগীরা ব্যাপক সমস্যায় পড়েন। তাঁদের হয় বাইরে থেকে খরচ করে বা দূরবর্তী অনাময় হাসপাতালে গিয়ে সিটি স্ক্যান করাতে হয়। এত বড় একটা জেলা হাসপাতালে আরও একটি সিটি স্ক্যান মেশিনের দাবি ছিল সাধারণ মানুষের। সেই দাবি এবার মিটতে চলেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। 
Advertisement
হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, সম্প্রতি পাওয়ার গ্রিডের সিএসআর প্রজেক্টের মাধ্যমে একটি উন্নতমানের সিটি স্ক্যান মেশিন পেয়েছে বর্ধমান মেডিক্যাল। এই মেশিন বসানো হবে জরুরি বিভাগের সামনে থাকা সাততলা ভবনের একদম নীচেরতলায়। কর্তাদের মতে, নতুন মেশিনটি অত্যন্ত উন্নতমানের। ডুয়েল কোর মেশিনটি আগের চেয়ে ভালো পরিষেবা দেবে। মেশিন বসানোর জন্য বিদ্যুৎ সংযোগের কাজও সেরে নেওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ