নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চাপড়া থানার হাতিশালা-১ পঞ্চায়েত এলাকায় হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে পিচের রাস্তা। বুধবার সেই রাস্তার পরিদর্শনে আসেন ইঞ্জিনিয়ার। অধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। উল্লেখ্য, পূর্তদপ্তরের তরফ থেকে শোনপুকুর থেকে সুটিয়া পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করা হয়। কিন্তু দেখা যায় সেই কাজের গুণমান খুব খারাপ। যা নিয়ে গত সোমবারই চাপড়ার সুটিয়ায় রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলেন এলাকার বাসিন্দারা। এদিন কাজের মান খতিয়ে দেখতে আসেন ইঞ্জিনিয়ার। তখনই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। গ্রামের বাসিন্দা আক্তার শেখ বলেন, রাত বিরেতে এই কাজ করা হয়েছিল। কাজের মান খুব খারাপ ছিল। হাত দিলেই পিচ থেকে উঠে আসছে। আমরা চাই রাস্তা পুনরায় সংস্কার করা হোক।
Advertisement
হাতিশালা-১ পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ শেখ বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। সেইমতো এদিন আধিকারিক এসেছিলেন। আমরা সকলে মিলে রাস্তার কাজ দেখলাম। কাজের গুণগত মান খারাপের বিষয়টি উনি স্বীকার করেছেন। পাশাপাশি রাস্তা ভালো করে সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।



