নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এলাকায় মারপিট থামাতে গিয়ে দুষ্কৃতীর কোপে পড়লেন খোদ পুলিস আধিকারিক। শুক্রবার চাপরার হাতিশালা-১ পঞ্চায়েতের দক্ষিণপাড়ায় এঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চাপড়া থানার পুলিস অভিযুক্ত ফিরজুল শেখকে গ্রেপ্তার করেছে। শনিবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে।
Advertisement
পুলিস জানিয়েছে, এদিন ফিরজুল শেখের সঙ্গে হাতিশালা গ্রামের কিছু বাসিন্দাদের ঝামেলা হয়। হোটেল ব্যবসায় আর্থিক লেনদেন-সংক্রান্ত সমস্যা নিয়ে এই ঝামেলার সূত্রপাত। ফিরজুলের সঙ্গে যাদের বিবাদ হয়েছিল, দক্ষিণপাড়ার বাসিন্দারা তাঁদের সমর্থন জানান। অভিযোগ, স্থানীয় অঞ্চল তৃণমূলের কোর কমিটির সদস্য নাজিম শেখ গ্রামবাসীদের নেতৃত্ব দেন। সেসময় নাজিম ও ফিরজুলের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। অভিযোগ, বাঁশ ও লোহার রড দিয়ে ফিরজুলকে মারধর করে নাজিম। বিষয়টি জানাজানি হতেই চাপড়া থানার বড় আন্দুলিয়া ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়। অভিযোগ, সেসময় ফিরজুল শেখ ফাঁড়ির ইনচার্জ শ্রীজীব সিনহার উপর চড়াও হয়ে তাঁকে মারধর করে। এরপর গ্রামের লোকজন ফিরজুলের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। চাপড়া থানার বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফিরজুল শেখকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
চাপড়া ব্লক তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, ফিরজুল ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী। এলাকায় সমাজবিরোধী কাজ করত। আরও যে সমস্ত সমাজবিরোধী রয়েছে, তাদের যেন পুলিস অবিলম্বে গ্রেপ্তার করে।
চাপড়া ব্লক তৃণমূল সভাপতি শুকদেব ব্রহ্ম বলেন, ফিরজুল ওই এলাকার কুখ্যাত দুষ্কৃতী। এলাকায় সমাজবিরোধী কাজ করত। আরও যে সমস্ত সমাজবিরোধী রয়েছে, তাদের যেন পুলিস অবিলম্বে গ্রেপ্তার করে।



