সংবাদদাতা, চোপড়া: মঙ্গলবার চোপড়া ব্লক পরিদর্শন করল কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার (ক্যাগ) একটি প্রতিনিধি দল। এদিন ব্লকের দু’টি স্কুলে মিড ডে মিল সহ বিভিন্ন বিষয় পরীক্ষা (অডিট) করেন এই দল। ব্লক প্রশাসন জানিয়েছে, এদিন ক্যাগের প্রতিনিধি দল নানা বিষয় খতিয়ে দেখেছে। এর আগে চোপড়া ব্লকে এধরনের কোনও কেন্দ্রীয় প্রতিনিধি দল আসেনি। সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের একাধিক স্কুলে ক্যাগের প্রতিনিধি দল যাবে। মিড ডে মিল থেকে শুরু করে পড়ুয়াদের উপস্থিতি, স্কুলছুটের পরিসংখ্যান, ইউনিফর্ম সহ সমগ্র শিক্ষা প্রকল্পের কাজ এবং হিসেব খতিয়ে দেখছে দলটি। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির চোপড়া ব্লক সভাপতি নজরুল ইসলাম বলেন, ব্লকের দু’টি সার্কেলে ১৯-২৪ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শন করবে। তারা কয়েকটি স্কুল পরিদর্শন করবে।



