সংবাদদাতা, চোপড়া: শরিকি জমি বিবাদকে কেন্দ্রে করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে জখম হলেন কয়েকজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের নয়াহাট এলাকায়। লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে দু’পক্ষের চারজন জখম হয়েছেন। তাঁদের দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজনকে উত্তরবঙ্গ মেডিক্যালে রেফার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মফিজউদ্দিনের সঙ্গে কফিলউদ্দিনের পরিবারের দীর্ঘদিন জমি নিয়ে বিবাদ চলছিল। একাধিকবার সালিশি সভা করেও সমস্যা মেটেনি। এদিন সকালে বিতর্কিত জমিতে কফিলউদ্দিনরা ঘর বানাতে গেলে মফিজউদ্দিনের পরিবারের লোকজন বাধা দিলে দু’পক্ষের মধ্যে বচসার পর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। স্থানীয়রা খবর দিলে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনকে আটক করা হয়। রাতে দু’পক্ষ থানায় অভিযোগ জানিয়েছে। মফিজউদ্দিনের ছেলে রমজান আলি বলেন, জমিতে গম বোনা হয়েছে। কফিলউদ্দিনের পরিবারের লোকরা সেখানে ঘর বানাতে এলে বারণ করি। তখন তারা চড়াও হয়।
Advertisement
কফিলউদ্দিনের দাবি, ঘর বানানোর অভিযোগ মিথ্যা। ছোট ভাই মাঠের দিকে যাচ্ছিল। তাকে মারধর করা হয়েছে। সোমবার জমি নিয়ে বৈঠক রয়েছে। তার আগেই মফিজউদ্দিনরা সেখানে গম রোপণ করেছে।



