সংবাদদাতা, চোপড়া: লোকসভা ভোটের প্রায় সাত মাস পর চোপড়া এলাকায় দেখা মিলল দার্জিলিং কেন্দ্রের বিজেপি সাংসদ রাজু বিস্তার। বৃহস্পতিবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ধীয়াগড় এলাকায় একটি কালী মন্দিরের ভূমিপুজোয় আসেন সাংসদ। এদিন ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
Advertisement
দীর্ঘ কয়েক মাস পর এলাকায় সাংসদকে দেখে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান এদিন রাজুকে পরিযায়ী সাংসদ বলে কটাক্ষ করেছেন। যদিও সাংসদ এদিন এলাকার উন্নয়ন নিয়ে তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, রাজ্য সরকার কিছুই করেনি। এদিকে চোপড়ার তৃণমূল নেতৃত্বের পাল্টা অভিযোগ, চোপড়া বিধানসভা এলাকার সাংসদ হলেও রাজু এই এলাকার জন্য কোনও কাজ করেননি। গত পাঁচ বছরে সাংসদ তহবিলের টাকায় এলাকার জন্য তাঁর পারফরমেন্স শূন্য। এক্ষেত্রে সাংসদের পাল্টা যুক্তি, বেশিরভাগ সময় প্রশাসন এনওসি দিচ্ছে না। কাজ করতে গেলেই বাধা আসছে। এদিন সাংসদের সঙ্গে দেখা করেন চোপড়ার চেতনাগছ এলাকার মাটি চাপা পড়ে মৃত চার শিশুর পরিবারের লোকজন। রাজ্যপাল ও সাংসদ আর্থিক অনুদান ঘোষণা করলেও সেই টাকা এখনও নিহতদের পরিবার পায়নি বলে অভিযোগ। সাংসদ তাঁদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এদিন আশ্বস্ত করেছেন।



