Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চাপড়ায় বাস দুর্ঘটনায় জখম ৯, দু’জন আশঙ্কাজনক

চাপড়ায় বাস দুর্ঘটনায় জখম ৯, দু’জন আশঙ্কাজনক
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: বৃহস্পতিবার সকালে একটি যাত্রী বোঝাই বাস উল্টে পড়ল পাশের নয়ানজুলিতে। এই ঘটনায় ন’ জন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে দুজনের জখম গুরুতর। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার শোনপুকুর বড় আন্দুলিয়ার মাঝে কৃষ্ণনগর–করিমপুর রাজ্য সড়কে। যাত্রীদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়কে যানজট হয়। পরে পুলিস গিয়ে একদিক দিয়ে গাড়ি চলাচল শুরু করে।  স্থানীয় ও পুলিস সুত্রে জানা গিয়েছে, বেসরকারি বাসটি পাটিকাবাড়ি ঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল। রাস্তায় স্টিয়ারিং ঘোরাতে না পেরে নয়ানজুলিতে উল্টে যায়। নয়ানজুলিতে জল না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। স্থানীয় মানুষরা উদ্ধার কাজে হাত লাগান। তাঁরা জখম যাত্রীদের তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করেন। জখম এক মহিলা যাত্রী বলেন, আমি আর আমার বউমা তেহট্ট জিতপুর মোড় থেকে বাসে উঠেছিলাম। বাসটি বেশ জোরে চলছিল। শোনপুকুর যাওয়ার মধ্যে রাস্তায় তিনবার ট্রাকের সঙ্গে ধাক্কা মারতে মারতে বেঁচে গিয়েছিল। শোনপুকুর পার হয়ে যাওয়ার পর বাঁদিকে উল্টে যায়। আমাকে দুজন ছেলে জানলা দিয়ে বার করে। বউমাকেও ওইভাবে বার করে। অন্য এক জখম যাত্রী হাসপাতালে দাঁড়িয়ে বলেন, নয়ানজুলিতে জল না থাকায় আমরা প্রাণে বাচলাম। বাসগুলি কী অবস্থায় আছে তা পরিবহণ দপ্তরের দেখা উচিত। যান্ত্রিক ত্রুটি  থাকলে বাস চালানো উচিত না। পুলিস সুত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য রাস্তায় যানজট ছিল। তা পরে পরিষ্কার হয়ে যায়। বাসটিকে নয়ানজুলি থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ