সংবাদদাতা, চোপড়া: বৃহস্পতিবার ভোরে চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের লালুগছ এলাকায় আগুনে পুড়ে ছাই বাড়ি, দোকান ও মুরগির ফার্ম। অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। কার্তিক দাসের বাড়িতে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকার বাসিন্দারা নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিস ও ইসলামপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দমকল বাহিনী পৌঁছনোর আগে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সমস্ত কিছু পুড়ে যায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বাড়ি মালিকের অভিযোগ, এর আগেও দুইবার কেউ মুরগির ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিল। এদিন আবার আগুন লাগল। কার্তিকের বক্তব্য, এবারও কেউ আগুন লাগিয়ে দিতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিস।



