• কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কথা ও গান দিয়ে শ্রদ্ধা জানাল কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি সংস্থা। সম্প্রতি তাদের নিজস্ব ভবনে আয়োজিত ‘ওই আসনতলে’ শীর্ষক এক কাব্যালেখ্য শাশ্বতী গুহ ঠাকুরতা ও শ্রেয়া গুহ ঠাকুরতার দ্বৈত নিবেদনে পরিবেশিত হল। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। এই কাব্যালেখ্যটিতে বিশ্বকবির সান্নিধ্যে আসা আশ্রমবাসী ব্যক্তিদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক এবং জন্মদিবস পালনের সময় কবির উপস্থিতি ও বিভিন্ন গান, কবিতায় লেখা তথ্যসমৃদ্ধ আলোচনা করেন শাশ্বতী। শ্রেয়ার সুমধুর, দরদী কণ্ঠে পরিবেশিত ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘বিরহ মধুর হল আজি’, ‘ওগো তুমি পঞ্চদশী’... ইত্যাদি গানে বর্ণিত অসাধারণ বর্ণময় আলেখ্যটি শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলীর বিভিন্ন গান নিয়ে রচিত নৃত্যনাট্য ‘আমার একটি কথা বাঁশি জানে’ পরিবেশন করেন (শান্তিনিকেতনের) সঙ্গীত ভবনের ছাত্রছাত্রীরা। সমবেত ও একক কণ্ঠে ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’, ‘গহন কুসুম কুঞ্জ মাঝে’, ‘বাজাও রে মোহন বাঁশি’, ‘মরণ রে তুহ মম শ্যাম সমান’ ইত্যাদি গানগুলি শান্তিনিকেতনের প্রচলিত নৃত্য সহযোগে উপস্থাপন করেন তাঁরা।



