‘মমতার দলেই আছি এবং থাকব’ মন্তব্য চোপড়ার বিধায়ক হামিদুলের
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: আবারও ভাঙন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে! মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের সঙ্গেই আছি বলে প্রকাশ্যে জানিয়ে দিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। গত ১৩ অক্টোবর ঋতব্রতর নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মহিলা রাজ্য সভানেত্রীর পদ ছেড়েছেন বিধায়ক সাবিনা ইয়াসমিন। ঠিক তার ১৫ দিনের মধ্যে উত্তরবঙ্গের আরও এক জেলার বিধায়ক হামিদুল ‘হাত’ ছাড়লেন ঋতব্রতর। এর আগে আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকী, বসিরহাট উত্তরের বিধায়ক তৌসিফুর রহমান, বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ঋতব্রত শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি করে মমতার প্রতি আনুগত্য দেখিয়েছেন।

Advertisement

দীর্ঘ কয়েক মাস ধরে নীরবতা অবলম্বন করেছিলেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান। মঙ্গলবার ফের প্রকাশ্যে দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। চুটিয়াখোর অঞ্চলের তৃণমূল নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন তিনি। বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই আছি এবং থাকব। 
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই হামিদুলের সঙ্গে মমতা তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছিল। এমনকী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বাছাইয়ের ক্ষেত্রে বিধায়কদের সম্মতিপত্রে সইও করেছিলেন চোপড়ার বিধায়ক। তারপর থেকে আর রাজনৈতিক কর্মসূচিতে দেখতে পাওয়া যায়নি হামিদুলকে। অবশেষে এদিন নিজের বর্তমান রাজনৈতিক অবস্থান কর্মী-সমর্থকদের সামনেই খোলসা করলেন তিনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে সই করার প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, পরিষদীয় স্বার্থ এবং বিরোধীদের অফিসঘর সংক্রান্ত বিষয়েই তিনি সহমত পোষণ করেছিলেন। তখন পৃথক রাজনৈতিক দল গঠন বা অন্য কোনো রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট ছিল না। রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে পৃথক প্রার্থী দেওয়ার সিদ্ধান্তেরও তিনি প্রতিবাদ করেছিলেন বলে দাবি হামিদুলের। চোপড়া বিধানসভার মমতাপন্থী তৃণমূলের কনভেনার আব্দুল সাত্তার বলেন, দিদির ছবি ব্যবহার করে ভোটে জিতে অনেকে নিজেদের স্বার্থে ঋতব্রত শিবিরে গিয়েছিলেন। সেখানে মানুষের সমর্থন না থাকায় বিধায়ক নিজের ভুল বুঝেছেন। চোপড়ায় আমাদের কোনো শিবির নেই। আমরা দিদির নির্দেশেই চলব। বিধায়ক দিদির নির্দেশ মেনে চললে তাঁকে স্বাগত। 
তবে বিধায়কের এই অবস্থান পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহসভাপতি অসীম বর্মন বলেন, হামিদুল যে শিবিরেই থাকুন, চোপড়ার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা হারিয়েছেন। চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরুদ্দিন বলেন, নির্বাচনের ফল প্রকাশের পর এতদিন কোথায় ছিলেন বিধায়ক? এখন মমতাপন্থী বলে ঘোষণা করলেও মানুষ তাঁকে আর বিশ্বাস করবে না।- নিজস্ব চিত্র