সংবাদদাতা, বিষ্ণুপুর: চূড়ান্ত নোটিসের পর বিষ্ণুপুর জেলা হাসপাতালের জমিতে থাকা চারটি দোকানঘর শুক্রবার ব্যবসায়ীরা নিজেরাই ভেঙে দিলেন। এরপর চওড়া রাস্তা তৈরিতে হাসপাতাল কর্তৃপক্ষের আর কোনও বাধা রইল না। বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, হাসপাতালে আসার মেন রাস্তা বহু বছর ধরে জবরদখল হয়েছিল। ফলে তা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়ে। অর্থ মঞ্জুর হলেও নির্মাণকাজ করা সম্ভব হচ্ছিল না। ব্যবসায়ীদের একাধিকবার নোটিস দেওয়া হয়েছিল। অবশেষে তাঁরা নিজেরাই দোকান ভেঙে দিয়েছেন। এবার রাস্তা তৈরির কাজ শুরু করা হবে। প্রসঙ্গত, বিষ্ণুপুর জেলা হাসপাতালের বহু জায়গা জবর দখল হয়ে রয়েছে। এমনকী হাসপাতালের জায়গায় খাটাল গড়ে উঠেছিল। প্রশাসনিক হস্তক্ষেপে কয়েকদিন আগেই তা সরানো হয়। কিন্তু, শহরের রসিকগঞ্জ থেকে হাসপাতাল যাওয়ার মুখে জমিতে চারটি দোকান বহু বছর ধরে ছিল। ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য এর আগে একাধিকবার নোটিস জারি করা হয়। তাতেও কাজ না হওয়ায় ২৫ জানুয়ারির মধ্যে দোকান সরানোর জন্য চূড়ান্ত নোটিস ধরানো হয়। তাতে ব্যবসায়ীদের টনক নড়ে। বৃহস্পতিবার থেকেই ব্যবসায়ীরা দোকানের মালপত্র সরানোর কাজ করেন। শুক্রবার নিজেরাই তা ভেঙে দেন।



