সংবাদদাতা, ঘাটাল: সোমবার সকালে চন্দ্রকোণা থানার কুরাণ গ্রামে সপরিবারে ধান ঝাড়ছিলেন সন্দীপ দাস। সেই ধানের আঁটির মধ্যেই আস্ত বড় চন্দ্রবোড়া সাপ দেখেই মেশিন ছেড়ে ছুটে পালান সকলে। পরে বনপ্রাণী উদ্ধারকারী দলের সদস্যকে খবর দিলে তিনি ওই সাপটি উদ্ধার করে নিয়ে যান। বন্যপ্রাণী উদ্ধারকারী টিমের সদস্য মলয়কুমার ঘোষ বলেন, ‘সাপটি প্রায় ছ’ফুট লম্বা এবং বিশাল মোটা ছিল। ভাগ্যিস কাউকে দংশন করেনি। তাহলে বিপদ ঘটে যেত।’
Advertisement
ওই গ্রামের বাসিন্দা সন্দীপ দাসেরা কয়েক দিন আগেই মাঠের ধানখড় আঁটি করে বাড়ির খামারে জড়ো করে রেখেছিলেন। এদিন সকাল থেকেই সেই ধানখড় মেশিনে করে ঝাড়া শুরু হয়। সন্দীপের মা উমা দাস এবং বাবা হরিসাধন দাস দু’জনে মিলে মেশিনে ধান ঝাড়ছিলেন। কিছুট দূর থেকে সন্দীপ তাঁদের মেশিনের সামনে ধানের আঁটিগুলি এনে দিচ্ছিলেন। সন্দীপ বলেন, ’১০-১২টি ধানের আঁটি নিয়ে যখন আমি মেশিনের কাছে আনছিলাম তখনই দেখি একটা বিশালাকার চন্দ্রবোড়ার লেজ ঝুলছিল। সেটা দেখেই আমি চিৎকার করে উঠি। সব কিছু ফেলে দিয়ে দৌড় দিই।’ ছেলের ওই চিৎকার দেখে কিছু না বুঝেই মা-বাবাও চলন্ত মেশিন ছেড়ে ছুটে পালিয়ে যান। কিছুক্ষণ পরে অবশ্য ছেলের চিৎকারে বিষয়টি তাঁরা বুঝতে পেরে তাঁদের আতঙ্ক আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেওয়া হয়। মলয়বাবু বলেন, ‘আমরা সাপটির স্বাস্থ্য পরীক্ষা করার পর উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব।’



