Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় তৃণমূল কার্যালয়ে তাণ্ডব

চন্দ্রকোণায় তৃণমূল কার্যালয়ে তাণ্ডব
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা-২ ব্লকের রাইল্যা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনাটি ঘটেছে বলে তৃণমূল দাবি করেছে। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হতেই তৃণমূল কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। এই ঘটনার জন্য তাঁরা সরাসরি বিজেপিকে দায়ী করেছেন। তৃণমূলের ব্লক সভাপতি তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েতে সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ হীরালাল ঘোষ বলেন, ‘ঘটনাটি বিস্তারিতভাবে খোঁজ নিয়ে মন্তব্য করব।’ তবে বিজেপির পক্ষ থেকে ওই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
Advertisement
এদিন সকালে রাইল্যা গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয় খুলতেই দেখা যায় অফিসের মধ্যে থাকা ফেস্টুন ও পতাকা ছেঁড়া অবস্থায় রয়েছে। কার্যালয়ের চারিদিকে নোংরা করে রাখা হয়েছে। তৃণমূল নেতা ত্রিলোক চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার অনেক রাত পর্যন্ত আমরা অফিসে ছিলাম। আমরা চলে যাওয়ার পরই বিজেপি কর্মীরা এভাবে তাণ্ডব চালিয়েছে। বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। তৃণমূলের জনপ্রিয়তায় ভয় পেয়ে বিজেপি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। পুলিস যদি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার না করে তাহলে তৃণমূল আন্দোলনে নামতে বাধ্য হবে।
অবশ্য বিজেপির চন্দ্রকোণা মণ্ডল সভাপতি বিপ্লব মাল ওই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘তৃণমূলের নিজেদের অভ্যন্তরীণ বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। অন্য দলের অফিসে হামলা করার কালচার আমাদের দলে নেই।  পুলিস তদন্ত শুরু করলেই প্রকৃত ঘটনা উঠে আসবে। পুলিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ