নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে চন্দ্রকোণা রোড বিট হাউসের কদমডিহা রেলগেট সংলগ্ন এলাকায়। মৃত নাবালকের নাম রঞ্জন দণ্ডপাট (১৪)। কদমডিহা এলাকাতেই তার বাড়ি। জানা গিয়েছে, এদিন সকালে সাইকেল নিয়ে বেরিয়েছিল রঞ্জন। আচমকা একটি গাড়ি রঞ্জনের সাইকেলের পিছনে ধাক্কা মারে। রাস্তার ধারে সে ছিটকে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।



