Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় নিয়ন্ত্রিত বাজারে বারবার মোবাইল চুরি, উদ্বিগ্ন এলাকাবাসীরা

চন্দ্রকোণায় নিয়ন্ত্রিত বাজারে বারবার মোবাইল চুরি, উদ্বিগ্ন এলাকাবাসীরা
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: চন্দ্রকোণা নিয়ন্ত্রিত বাজারে বারবার মোবাইল চুরির অভিযোগ উঠছে। বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের পকেট থেকে মোবাইল ফোন চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ। ইতিমধ্যেই এধরনের বেশ কয়েকটি ঘটনায় চন্দ্রকোণা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
চন্দ্রকোণা শহরের ওই বাজারটি খুবই জনপ্রিয়। শহরের বাসিন্দারা ছাড়াও শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম থেকেও প্রচুর ক্রেতা-বিক্রেতা ওই বাজারে নিয়মিত আসেন। তাই স্বাভাবিকভাবেই বাজারে সকাল থেকেই ভিড় জমে উঠে। চন্দ্রকোণা পুরসভার কর্মী প্রসেনকুমার দত্ত বলেন, শনিবার সকালে আমি বাজার করতে গিয়েছিলাম। এক বিক্রেতার কাছে বেগুন কিনছিলাম। সেই সময়ই আমার পকেট থেকে ৩৩ হাজার টাকার স্মার্টফোনটি চুরি হয়ে যায়। শহরের ১০নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবদুলাল চক্রবর্তীরও একই অভিযোগ। তিনি জানান, কয়েকদিন আগে একইভাবে ওই বাজার থেকে তাঁরও একটি স্মার্টফোন চুরি হয়েছে। বাজার করতে আসা একাধিক ক্রেতা জানান, ভিড়ের সুযোগ নিয়ে চোরেরা মোবাইল ফোন তুলে নিয়ে চম্পট দিচ্ছে। বিশেষ করে সব্জি ও মুদিখানার দোকানগুলির সামনে বেশি ভিড় থাকে, এই সুযোগ কাজে লাগাচ্ছে অপরাধীরা। পুলিস জানিয়েছে, ঘটনাগুলি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাজার এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই শহরের ব্যবসায়ী বিমলকুমার দাস বলেন, ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এধরনের ঘটনা বাজারের পাশাপাশি আমাদের শহরেরও সুনাম নষ্ট করছে। নিয়ন্ত্রিত বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি বাজার কমিটিকেও এবিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। থানার পক্ষ থেকে ক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। পুলিস পরামর্শ দিয়েছে, বাজারে আসার সময় মূল্যবান জিনিসপত্র সঙ্গে না রাখা এবং মোবাইল ফোন বা পকেট সামলে রাখা উচিত।
সম্পর্কিত সংবাদ