নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভরসন্ধ্যায় মহিলাকে খুন করে সোনার গয়না ছিনতাইয়ের ঘটনায় চারদিন পরও কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্তে নেমে অন্ধকারে হাতড়াচ্ছে পুলিস। ওই ঘটনায় স্থানীয় মহিলাদের নিয়ে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় নন্দপুর-বরাঘুনি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিতেন্দ্রনাথ প্রধান। নিহত জ্যোৎস্না প্রধান জিতেন্দ্রনাথবাবুর ভাইয়ের পুত্রবধূ। ওই ঘটনায় অভিযোগকারীও প্রাক্তন প্রধান নিজেই। উল্লেখ্য, ২৫ডিসেম্বর সন্ধ্যায় চণ্ডীপুর থানার দিবাকরপুর গ্রামে ননদের বাড়ি থেকে হেঁটে নন্দপুর গ্রামে বাড়িতে ফিরছিলেন বছর ৫২-র জ্যোৎস্নাদেবী। রাস্তায় তাঁকে খুন করে কান থেকে জোড়া দুল ও নাকছাবি ছিঁড়ে নেওয়া হয়। তারপর নন্দপুর গ্রামের একটি খালে তাঁর দেহ উপুড় করে ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরদিন সকালে বাড়ি থেকে মাত্র ২০০মিটার দূরত্বে তাঁর দেহ পাওয়া যায়। ওই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। নিহতের জ্যাঠাশ্বশুর জিতেন্দ্রনাথবাবু বলেন, ভরসন্ধ্যায় একজন মহিলাকে খুন করে গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। চারদিন পরও পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারল না। তাহলে মহিলা নিরাপত্তা কোথায়? আমরা এই এলাকার মহিলাদের নিয়ে প্রতিবাদ সভা করার প্রস্তুতি নিচ্ছি। চণ্ডীপুর থানার ওসি দীপক অধিকারী বলেন, ওই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে।



