Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চলতি মাসেই কৃষ্ণনগরে গেরুয়া শিবিরে মেগা রদবদল

চলতি মাসেই কৃষ্ণনগরে গেরুয়া শিবিরে মেগা রদবদল
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: চলতি মাসেই গেরুয়া শিবিরে মেগা রদবদল হতে চলেছে। সব ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝি থেকেই বহু বুথ ও মণ্ডল সভাপতি পদে রদবদল হবে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের ফলাফলকে প্রাধান্য দেওয়া হতে পারে। এর ফলে ফের বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠবে। যা বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে। তাই ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির ব্যাটন কোন শিবিরের হাতে থাকে, সেটাই দেখার বিষয়। বিজেপি সূত্রে খবর, তাদের কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় প্রায় ১৮০০ বুথ রয়েছে। যার মধ্যে গত লোকসভা নির্বাচনে ৪০শতাংশ বুথে বিজেপি জিতেছিল। লোকসভা কেন্দ্রে মণ্ডলের সংখ্যা ২৫টি। যার মধ্যে ১০টির বেশি মণ্ডলে বিজেপি এগিয়ে রয়েছে। দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, যে কর্মকর্তারা খারাপ ফল করেছেন, তাঁদের ঘাড়ে কোপ পড়তে পারে।
Advertisement
লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির মুখ পুড়েছিল। চাপড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া ও পলাশীপাড়া-এই চার বিধানসভায় গেরুয়া শিবির ধুয়েমুছে সাফ হয়ে যায়। তেহট্ট, কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ বিধানসভায় ভালো ফল করে বিজেপি। যদিও নির্বাচনের সময়ও কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় বিজেপি শিবিরে গৃহযুদ্ধ প্রকাশ্যে এসেছিল। নব্য বিজেপি ভোট করালেও, পদ্মের আদি কর্মীরা ভোটের ময়দান থেকে পুরোপুরি দূরে ছিল। শুধু তাই নয়, ফল বেরোনোর পর দলীয় টাকা নয়ছয় করা নিয়ে খোদ বিজেপি প্রার্থী অমৃতা রায় ক্ষোভ উগরে দিয়েছিলেন। আদি বিজেপি কর্মীরা দলের উপর ক্ষোভ উগরে কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে ভাঙচুরও চালায়। এসব বিষয় নিয়ে গেরুয়া শিবির অস্বস্তিতে পড়েছিল।
বিজেপির এক আদি নেতার কথায়, আমরা সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বের পরিবর্তন চাই। যাদের জন্য এবার লোকসভা নির্বাচনে বিজেপির ফল খারাপ হয়েছে, তাঁদের সরাতে হবে। বসে যাওয়া নেতৃত্বদের দায়িত্ব না দিলে বিধানসভা ভোটে ফল আরও খারাপ হতে পারে। বিজেপির কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সহ-সভাপতি সৈকত সরকার বলেন,  ১৫ জানুয়ারি থেকে বুথ সভাপতি রদবদল শুরু হবে। তারপর মণ্ডল সভাপতি স্তরে রদবদল হবে। তবে কোথায় কোথায় রদবদল হবে-তা নিয়ে এখনও চূড়ান্ত হয়নি। 
সম্পর্কিত সংবাদ