নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাঝবয়সি এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হল জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের শ্যামনগর নতুনগ্রামে। মৃতের নাম ফণীভূষণ বিশ্বাস (৪৮)। বৃহস্পতিবার বেলায় নতুনগ্রামের ঝংকার মাঠের এক কোণে ক্লাবের পিছনে চালতা গাছে ঝুলন্ত ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জগদ্দল থানায়। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নতুনগ্রাম পূর্ব বিদ্যাধরপুরের বাসিন্দা ফণীবাবুর মাঠের ধারে চায়ের দোকান ছিল। স্থানীয় কাউন্সিলার সমর পাঠক জানান, ফণী গতকাল রাতে নিখোঁজ হন। এদিন বেলায় ওঁকে গাছে ঝুলতে দেখা যায়। সমরবাবুর দাবি, কয়েকদিন ধরে স্বামী-স্ত্রী-র মধ্যে অশান্তি চলছিল। সেই অশান্তির জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। পুলিস সমস্ত কারণ খতিয়ে দেখছে।



