Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চিলিতে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রাজধানী সহ অন্ধকারে ডুবল একাধিক প্রদেশ

গোটা দেশে বিদ্যুৎ বিপর্যয়! থমকে সমস্ত পরিষেবা। কার্যত অন্ধকারে ডুবল লাতিন আমেরিকার দেশ চিলি। এমনকী দেশের রাজধানী সান্তিয়াগোতেও বিদ্যুৎ বিপর্যয়ের জেরে নাজেহাল সাধারণ মানুষ। স্থানীয় সময় গতকাল, মঙ্গলবার বিকেলে এই বিদ্যুৎ-বিভ্রাট ঘটে

চিলিতে বিদ্যুৎ বিপর্যয়ের জেরে রাজধানী সহ অন্ধকারে ডুবল একাধিক প্রদেশ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সান্তিয়াগো, ২৬ ফেব্রুয়ারি: গোটা দেশে বিদ্যুৎ বিপর্যয়! থমকে সমস্ত পরিষেবা। কার্যত অন্ধকারে ডুবল লাতিন আমেরিকার দেশ চিলি। এমনকী দেশের রাজধানী সান্তিয়াগোতেও বিদ্যুৎ বিপর্যয়ের জেরে নাজেহাল সাধারণ মানুষ। স্থানীয় সময় গতকাল,  মঙ্গলবার বিকেলে এই বিদ্যুৎ-বিভ্রাট ঘটে। তার কয়েক ঘণ্টা পর সন্ধ্যা হয়। সঙ্গে সঙ্গেই চিলি’র সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সঙ্গে গতকাল, মঙ্গলবার রাত ১০টা থেকে আজ, বুধবার সকাল ৬টা পর্যন্ত চিলির উত্তরের আরিকা অঞ্চল থেকে দক্ষিণের লস লাগোস পর্যন্ত কার্ফু জারি করে সরকার। এই বিদ্যুৎ বিপর্যয় প্রসঙ্গে চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলের একটি সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি ধরা পড়েছে। তাই এই বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে সাইবার হানার আশঙ্কাও করেছেন তিনি। সাম্প্রতিক বছরগুলির মধ্যে চিলিতে এটি সবথেকে বড় বিদ্যুৎ বিপর্যয় বলেই জানাচ্ছে প্রশাসন। গত মঙ্গলবার হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের ফলে রাজধানী সান্তিয়াগোর মেট্রোতে অনেক যাত্রী আটকে পড়েন। পরে অবশ্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে মেট্রোয় আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। গোটা দেশে শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয় সেনাও। আচমকাই এই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে চিলিতে তামা উৎপাদনকারী কেন্দ্রগুলিতে কাজ বন্ধ হয়ে যায়। বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হয়। ৮০ লক্ষ পরিবার এই বিভ্রাটের কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সূত্রের খবর, আজ, বুধবারের মধ্যে চিলিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে পারে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ