Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিলাপাতায় আদিবাসী উৎসব শুরু হচ্ছে কাল

চিলাপাতায় আদিবাসী উৎসব শুরু হচ্ছে কাল
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা শহরের প্যারেড গ্রাউন্ডে সদ্যই শেষ হয়েছে ১০ দিনের ডুয়ার্স উৎসব। তার রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের সহযোগিতায় জেলায় হচ্ছে পাঁচ দিনের আদিবাসী উৎসব। জেলা প্রশাসন জানিয়েছে, ২০-২৪ জানুয়ারি এই উৎসব হবে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতায়। পাঁচ দিনের এই উৎসব হবে বনদপ্তরের চিলাপাতা রেঞ্জ অফিসের পাশে সেলফি পয়েন্টের মাঠে। 
Advertisement
প্রশাসন জানিয়েছে, ২০-২১ তারিখ এই দু’দিন হবে আদিবাসী উৎসব। ২২-২৪ তারিখ এই তিন দিন হবে চিলাপাতা উৎসব। এই প্রথম চিলাপাতায় টানা পাঁচ দিন ধরে কোনও উৎসব হচ্ছে। সেজন্য উৎসবকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। 
জেলাশাসক আর বিমলা বলেন, আলিপুরদুয়ার জেলাকে বলা হয় মিনি ভারত। দেশবিদেশের পর্যটকদের সামনে জেলার জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরতে, তাঁদের তৈরি পোশাক ও খাবার বিক্রির উদ্দেশ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। 
শীতের মরশুমে কার ও হাতি সাফারির জন্য চিলাপাতার সিংহভাগ লজ, রিসর্ট ও হোমস্টেতে এখন প্রচুর পর্যটক রয়েছে। এমন আবহে পাঁচ দিনের এই উৎসবে শাল ও কলাপাতায় পর্যটকদের খাবার পরিবেশন করা হবে। স্থানীয় ১১টি জনজাতির কৃষ্টি সংস্কৃতি পরিবেশিত হবে উৎসবে। প্রশাসন জানিয়েছে, উৎসবের স্টলে পাওয়া যাবে জনজাতিদের তৈরি রকমারি পদের বিভিন্ন খাবার। রাভা জনজাতির তৈরি ভাত ও নেপালিদের শেলরুটি মিলবে উৎসবের স্টলে। সঙ্গে পর্যটকদের মনোরঞ্জনে উপরি পাওনা হিসেবে থাকছে আদিবাসীদের নাচ গানের জমজমাট আসর। স্থানীয় উদ্যোক্তাদের পক্ষে বিমল রাভা বলেন, পাঁচদিনের এই উৎসব আশা করছি পর্যটকদের ভালো লাগবে। এই উৎসব করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা।
সম্পর্কিত সংবাদ