Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চালকদের আধারের শেষ চারটি নম্বর লেখার নির্দেশ

চালকদের আধারের শেষ চারটি নম্বর লেখার নির্দেশ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: কালনা শহর ও শহরতলিতে টোটোর সংখ্যা ক্রমশ বাড়ছে। সেইসঙ্গে টোটো চুরির অভিযোগও বাড়ছে। টোটো চোরদের ধরতে হিমশিম খেতে হচ্ছে পুলিসকে। এই অবস্থায় চালকদের সঙ্গে কথা বলে আধার নম্বরের শেষ চারটি ডিজিট স্থায়ীভাবে টোটোর যে কোনও জায়গায় লেখার নির্দেশ দিল কালনা থানা। চালকের কাছেও আধার কার্ড রাখতে হবে। যাতে যেকোনও সময় মিলিয়ে দেখে নিতে পারে পুলিস। পুলিসের নির্দেশে টোটোয় আধারের শেষ চারটি নম্বর লেখা শুরু করে দিয়েছেন চালকরা। 
Advertisement
কালনা শহর ও শহরতলিতে কয়েক হাজার টোটো রয়েছে। ধারদেনা করে বহু কষ্টে কেনা টোটো চালিয়ে বহু মানুষ সংসার চালাচ্ছেন। টোটো চুরির অভিযোগও বাড়ছে। পুলিস গভীর রাতে কোনও সন্দেহভাজন টোটো চলাচল করতে দেখলে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু টোটোটি তার বলে দাবি করছে চালক। জরুরি প্রয়োজনে যাচ্ছে। ফলে পুলিসের সন্দেহ হলেও কিছুই করার থাকছে না। সেকারণে টোটো চালকদের সঙ্গে কথা বলে প্রতিটি টোটোয় চালকের আধার নম্বরের শেষ চারটি ডিজিট লেখার নির্দেশ দেওয়া হয়। ওই নম্বর টোটোয় স্থায়ীভাবে লিখে রাখতে হবে চালকদের। তবে তা যাত্রীরা দেখতে পাবেন না তেমন জায়গায় লিখতে বলা হয়েছে। পাশাপাশি চালকের কাছে রাখতে হবে আধার কার্ড। পুলিসের নির্দেশিকা মানছেন টোটোচালকরা।
টোটোচালক প্রশান্ত সাহা বলেন, দিনকে দিন টোটো চুরি বাড়ছে। আমরা গরিব মানুষ। বহু কষ্টে ধারদেনা করে টোটো চালিয়ে সংসার চালাই। টোটো চুরি গেলে সংসার অচল হয়ে পড়বে। পুলিসের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। কালনা থানার এক পুলিস আধিকারিক বলেন, টোটো চুরির ক্ষেত্রে চোর ধরতে হিমশিম খেতে হয়। চোখের সামনে দিয়ে চোর চলে গেলেও টোটোটি যে তার নয়, তা প্রমাণ করা কষ্টসাধ্য হয়ে ওঠে। সেকারণে টোটোয় যেকোনও জায়গায় স্থায়ীভাবে আধার নম্বর ও চালকের কাছে আধার কার্ড থাকলে চুরির কিনারা করতে অনেকটাই সুবিধা হবে। কালনা পুরসভার কাউন্সিলার তথা জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু বলেন, পুলিসের ভালো পদক্ষেপ নিয়েছে। শহরে যানজট নিয়ন্ত্রণেও ব্যবস্থা নিক পুলিস।
সম্পর্কিত সংবাদ