সংবাদদাতা, রাজগঞ্জ: অবৈধ মদের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযান চালাল বেলাকোবা পুলিস ফাঁড়ি। প্রায় ৮০০ লিটার চোলাই মদ নষ্ট করে দিলেন পুলিস কর্মীরা। স্থানীয়দের মাধ্যমে ফাঁড়িতে খবর এসেছিল, শিকারপুর চা বাগান এলাকায় বিভিন্ন বাড়িতে অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে এদিন অভিযান চালায় পুলিস। একাধিক বাড়িতে মেলে চোলাই সহ চোলাই তৈরির উপকরণ। প্রায় ৪০ কেজি গুড়, ২০ লিটার স্পিরিট পাওয়া যায়। এছাড়াও ৮০০ লিটার তৈরি অবৈধ চোলাই মদ। সবটাই নষ্ট করে দেওয়া হয়। তবে এ ঘটনায় পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাড়িতে অভিযানের কথা আগেই জানতে পেরে ঘরে তালা বন্ধ করে পালিয়ে যায় ওসব পরিবারের লোকেরা। যদিও পুলিস জানিয়েছে, যাদের বাড়ি থেকে পাওয়া গিয়েছে তাদের বাড়িতে ফের যাওয়া হবে। এ বিষয়ে বেলাকোবা ফাঁড়ির ওসি কুশাং সেরিং লেপচা বলেন, শিকারপুর চা বাগানের নিউ ডাঙা লাইনে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয়েছে।



