নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সদর হাসপাতালে সোমবারও চালু হল না এক্স রে পরিষেবা। ফলে এদিনও বহু রোগীকে ফিরে যেতে হয়। অনেককে আবার জলপাইগুড়ি সদর হাসপাতাল থেকে এক্স রে করানোর জন্য যেতে হয় দু’কিমি দূরে জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে। গত কয়েকদিন ধরে সদর হাসপাতালে এক্স রে পরিষেবা ব্যাহত হচ্ছিল। শনিবার থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। মেডিক্যাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, পিপিপি মডেলে চলা ওই এক্স রে পরিষেবা সোমবারই চালু হয়ে যাবে। যদিও এদিন মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, সদর হাসপাতালে এক্স রে মেশিনটি বিকল হয়েছে। সেটি দ্রুত সারাতে বলা হয়েছে। তবে এদিন বিকেল পর্যন্ত সেখানে এক্স রে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে আমাকে কিছু জানানো হয়নি।



