সংবাদদাতা, পতিরাম: চিকিৎসকের বাড়ি থেকে অল্প অল্প করে উধাও হচ্ছিল সোনার গয়না। এভাবে লোপাট করা হয়েছিল প্রায় ৮ লক্ষ টাকার গয়না। অবশেষে বিষয়টি টের পায় চিকিৎসকের পরিবার। বাড়ি থেকে গয়না চুরির অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমেই চিকিত্সকের বাড়ির পরিচারিকাকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিস। আইসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে বালুরঘাট থানার তদন্তকারী অফিসাররা ওই সোনার গয়নাও উদ্ধার করেন। শুক্রবার সোনার গয়না উদ্ধার করে সাংবাদিক সম্মেলন করে বালুরঘাট সদর ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, চিকিৎসকের বাড়ি থেকে সোনার গয়না চুরি গিয়েছিল। আমরা তদন্তে নেমে ওই বাড়ির পরিচারিকাকে গ্রেপ্তার করেছি। তার কাছ থেকে চুরির গয়না উদ্ধার করা হয়েছে। তাকে পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



