Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু নার্সের, সরব পরিবার  

চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু নার্সের, সরব পরিবার
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: জ্বরে মৃত্যু হল বালুরঘাট জেলা হাসপাতালের এক নার্সের। ওই নার্সের মৃত্যুর পরেই পরিবার সঠিক চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলেছে। অভিযোগ, সিসিইউতে থাকার সময় কখন ওই নার্সের মৃত্যু হয়েছে, তা সঠিকভাবে জানানো হয়নি। যা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। খোদ হাসপাতালের নার্সের পরিবারের এমন অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। 
Advertisement
মৃত ওই নার্সের নাম ছন্দা বর্মন (২৬)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরে। তিনি বালুরঘাট হাসপাতালে কর্মরত ছিলেন। এই নার্স বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সম্প্রতি প্রাইভেট চেম্বারেও ডাক্তার দেখান তিনি। তবে শারীরিক অবস্থার অবনতি হলে নার্সকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই রোগীর। 
মৃত নার্সের জেঠু গোপেশ বর্মন বলেন, আমার ভাইঝি জ্বরে হাসপাতালে ভর্তি ছিল। কখন মারা গিয়েছে, তা আমাদের ঠিক করে বলেনি। সামান্য জ্বরে কীভাবে মৃত্যু হল, তা আমরা বুঝতে পারছি না। আমাদের মনে হয় সঠিকভাবে চিকিৎসা হয়নি।  হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, হাসপাতালে নিয়ে আসার পর থেকেই রোগীকে সবরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা খারাপের কারণে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ