সংবাদদাতা শান্তিনিকেতন: রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গিয়েছিলেন। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছিল। কিন্তু উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে প্রয়োজন টাকা। সেই অর্থ যোগাড় করতে না পারার কারণে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। জানা গিয়েছে মৃতার নাম লক্ষ্মী মুর্মু (৪১)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বোলপুর থানার সিয়ান মুলুক গ্রাম পঞ্চায়েতের গয়েশপুরে।
Advertisement
মৃতার পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী মুর্মুর মৃগী রোগ রয়েছে। দিন কয়েক আগে বাড়িতে রান্না করার সময় কোনওভাবে অগ্নিদগ্ধ হন তিনি। বাড়ি এসে স্ত্রীকে সেই অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু তার আরও উন্নত চিকিৎসা পরিষেবা প্রয়োজন ছিল। সে কারণে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার টাকা না থাকার কারণে লক্ষ্মী মুর্মুকে বাড়ি নিয়ে চলে আসেন তাঁর স্বামী। পরে গ্রামের সকলের থেকে চাঁদা তুলে তাঁকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার ভোরে ঘর থেকে বেরিয়ে যান লক্ষ্মী মুর্মু। ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে আশেপাশে তাঁর খোঁজ শুরু হয়। বাড়ির পাশে একটি পুকুরের ধারে তার পরনের জামা কাপড় দেখতে পেয়ে সেখানে খুঁজতে শুরু করেন স্থানীয়রা। মশারি ও জাল নামিয়ে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি চলে পুকুরে। কিন্তু কোনওভাবেই হদিস না মেলায় খবর দেওয়া হয় বোলপুর থানায়। পরে প্রশাসন ও পুলিসের তরফে পুকুরে তল্লাশি চালিয়ে কয়েক ঘন্টা পর তাঁর দেহ উদ্ধার হয়। যদিও কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে দেহ উদ্ধারের পর এদিন তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বোলপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
মৃতার স্বামী শ্যামল মুর্মু বলেন, রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গিয়েছিল আমার স্ত্রী। তাঁর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। গ্রামবাসীদের থেকে চাঁদা তুলে সেই টাকা তোলা হচ্ছিল। এদিন সকালে স্ত্রীকে পাশে দেখতে না পেয়ে চারদিকে খোঁজ করার পর বুঝতে পারি পুকুরে পড়ে গিয়েছে সে। পরে তাঁর দেহ উদ্ধার হয়।
মৃতার স্বামী শ্যামল মুর্মু বলেন, রান্না করতে গিয়ে আগুনে পুড়ে গিয়েছিল আমার স্ত্রী। তাঁর চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। গ্রামবাসীদের থেকে চাঁদা তুলে সেই টাকা তোলা হচ্ছিল। এদিন সকালে স্ত্রীকে পাশে দেখতে না পেয়ে চারদিকে খোঁজ করার পর বুঝতে পারি পুকুরে পড়ে গিয়েছে সে। পরে তাঁর দেহ উদ্ধার হয়।



