Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসার জন্য বুনো হাতিকে ঘুমপাড়ানি গুলি, লুকলো জঙ্গলে

চিকিৎসার জন্য বুনো হাতিকে ঘুমপাড়ানি গুলি, লুকলো জঙ্গলে
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: শনিবার জয়পুরের জঙ্গলে একটি অসুস্থ বুনো হাতিকে চিকিৎসার জন্য ঘুমপাড়ানি গুলি করে অচৈতন্য করার চেষ্টা হয়। কিন্তু হাতিটি খুঁড়িয়ে খুঁড়িয়ে গভীর জঙ্গলে গা ঢাকা দেওয়ায় সন্ধ্যা পর্যন্ত তার নাগাল পাওয়া যায়নি। তবে বনকর্মীরা সার্চ লাইট জ্বেলে হাতিটির সন্ধান চালাচ্ছেন। আধিকারিকরাও সকাল থেকে রাত পর্যন্ত জঙ্গলে থেকে তার তদারকি করেন।  
Advertisement
বনদপ্তরের বিষ্ণুপুরের ডিএফও রাজু সরকার বলেন, জয়পুরের জঙ্গলে একটি হাতি অসুস্থ হয়ে পড়েছে। তার পায়ে কোনও ক্ষত হয়ে থাকতে পারে। চিকিৎসা না হলে বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন তার চিকিৎসার প্রস্তুতি নেওয়া হয়। ঘুমপাড়ানি গুলি করে হাতিটিকে অচৈতন্য করার চেষ্টা করা হয়। কিন্তু দিনের বেলায় তা সম্ভব হয়নি। তবে রাতেও আমাদের চেষ্টা জারি থাকবে। 
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ৬২টি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢোকে। দলটি বর্তমানে বড়জোড়ার জঙ্গলে রয়েছে। অপরদিকে চলতি মাসের ১৬ তারিখে ৫টি হাতির আরও একটি ছোট দল পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়ায় ঢোকে। বিষ্ণুপুর ও জয়পুরের জঙ্গলে একদিন থাকার পর দলের ৪টি হাতি দ্বারকেশ্বর নদ পেরিয়ে সোনামুখীর জঙ্গলে যায়। বর্তমানে ওই দলটিও বড়জোড়ার জঙ্গলে চলে গিয়েছে। তাদের মধ্যে একটি হাতি জয়পুরে জঙ্গলে রয়ে যায়। এরপরেই হাতিটিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তাই গত দু’দিন ধরে তাঁতিপুকুর এলাকায় একই জায়গায় হাতিটি রয়েছে। রবিবার সেখানেই হাতিটিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টা হয়। কিন্তু বিশেষজ্ঞরা কাছাকাছি যেতেই হাতিটি তা বুঝতে পেরে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। গভীর জঙ্গলে ঢুকে পড়ায় কাঁটাঝোপ পেরিয়ে হাতিটির কাছে যেতে সমস্যা হয়। তবে সন্ধ্যার পরেও বনকর্মীরা হাল ছাড়েননি। সার্চ লাইট জ্বেলে হাতির কাছে পৌঁছনোর চেষ্টা চালান। দপ্তরের আধিকারিকরাও রাত পর্যন্ত জঙ্গলে ছিলেন। 
সম্পর্কিত সংবাদ