Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসার গাফিলতি নয়,  সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু বধূর

চিকিৎসার গাফিলতি নয়,  সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু বধূর
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে বধূর মৃত্যু হয়নি। হাসপাতাল থেকে ছাড়ার ঠিক আগের মুহূর্তে সেরিব্রাল অ্যাটাকের কারণেই ওই বধূর মৃত্যু হয়েছে। সিউড়ি সুপার স্পেশালিটি  হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় এমনই তদন্ত রিপোর্ট রাজ্যের কাছে পাঠাল বীরভূম স্বাস্থ্যজেলা। পাশাপাশি রোগীর ওই রিপোর্ট পরিবারকেও জানালেন আধিকারিকরা। 
Advertisement
উল্লেখ্য, গত শুক্রবার সদাইপুর থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা মামণি দলুই নামে এক গৃহবধূ বন্ধ্যাতকরণের জন্য ভর্তি হয়েছিলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার অস্ত্রোপচারের পর শনিবার চিকিৎসক তাঁকে একটি ওষুধ খেতে দেন। সেটি খাওয়ার পরই ওই রোগীর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন। এই ঘটনার পরই তড়িঘড়ি তদন্তে নামে স্বাস্থ্যকর্তারা। কিন্তু, স্বাস্থ্যকর্তাদের দাবি, রোগীকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটির ব্যবস্থা করা হয়েছিল। তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়াও করেছিলেন। তারপর হাসপাতালের বেডেই ওই রোগীর আচমকা সেরিব্রাল অ্যাটাক হয়। তাঁর নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখনই তাঁকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। 
এই প্রসঙ্গে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, সিউড়ি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় রোগীর পরিবারের আত্মীয়রা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছিলেন। ঘটনার পর একটি তদন্ত কমিটি করা হয়েছিল। সেই তদন্তের ভিত্তিতে জানা গিয়েছে ওই রোগীনির সেরিব্রাল অ্যাটাক হয়। তাঁকে আইসিইউতে ভর্তিও করা হয়েছিল। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। অর্থাৎ চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। এই রিপোর্টই আমরা রাজ্যের কাছে জানিয়েছি এবং রোগীর পরিবারকে জানানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ